জাতীয়


ডব্লিউইএফ সম্মেলনে প্রধানমন্ত্রীর আহ্বান: জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বনেতাদের এগিয়ে আসতে হবে


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৩ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার

আপডেট:২৩ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার

ডব্লিউইএফ সম্মেলনে প্রধানমন্ত্রীর আহ্বান: জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বনেতাদের এগিয়ে আসতে হবে

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত কোটি মানুষের জীবন ও ভবিষ্যৎ সুরক্ষায় বিশ্বনেতাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময় এসেছে জলবায়ু সংক্রান্ত অঙ্গীকারকে বাস্তব কর্মকাণ্ডে রূপ দেওয়ার, যাতে বিশ্ব আরও নিরাপদ, টেকসই ও আত্মবিশ্বাসী ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে।

 

সোমবার (২৩ জুন) চীনের দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ১৭তম ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এর ‘ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

প্রধানমন্ত্রী বলেন, “জলবায়ু কার্যক্রম কোনো ব্যয় নয়; এটি সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য বিনিয়োগ। আমরা সবাই মিলে একটি সবুজ, নিরাপদ, টেকসই ও ন্যায়সংগত ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।”

 

তারেক রহমান বলেন, কোনো দেশ এককভাবে জলবায়ু সহনশীলতা অর্জন করতে পারে না। এজন্য প্রয়োজন বৈশ্বিক অংশীদারিত্ব, প্রযুক্তি হস্তান্তর, পর্যাপ্ত অর্থায়ন এবং সম্মিলিত উদ্যোগ।

 

তিনি তিনটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকারের ওপর জোর দেন। এর মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ক্ষয়ক্ষতি তহবিল কার্যকর করা, জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা এবং প্রশমন ও অভিযোজন কার্যক্রমে সমান গুরুত্ব দেওয়া।

 

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজনের তুলনায় বর্তমান বৈশ্বিক জলবায়ু অর্থায়ন এখনও অপর্যাপ্ত। তাই ‘সবুজ জলবায়ু তহবিল’ (জিসিএফ) আরও কার্যকরভাবে বাস্তবায়নের প্রয়োজন রয়েছে।

 

বাংলাদেশকে একটি জলবায়ু-সহনশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে।

 

তিনি বলেন, পানি নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা ব্যারেজ নির্মাণ এবং উত্তরাঞ্চলের পানি ব্যবস্থাপনা উন্নয়নে তিস্তা ব্যারেজ আধুনিকায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

 

এছাড়া আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ ও সংরক্ষণের কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি। ‘এক শিক্ষার্থী, এক গাছ’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে দেশব্যাপী সবুজায়ন আন্দোলন গড়ে তোলার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে সরকার।

 

তিনি জানান, পাটশিল্প, বৈদ্যুতিক যানবাহন এবং পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর শিল্পকে উৎসাহ দেওয়া হচ্ছে। একই সঙ্গে সবুজ বিনিয়োগ আকর্ষণে জাতীয় কার্বন বাজার প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হয়েছে।

 

বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার ও চক্রাকার অর্থনীতির মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তরের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

 

প্রধানমন্ত্রী বলেন, সবুজ শিল্পায়নের ক্ষেত্রে বাংলাদেশ ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে বিশ্বের শীর্ষ ১০০টি লিড (LEED) প্রত্যয়িত কারখানার মধ্যে ৬৯টিই বাংলাদেশের।

 

বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “বিশ্বনেতাদের অবশ্যই মতপার্থক্য ভুলে জলবায়ু সংকটে ঝুঁকিতে থাকা লাখো মানুষের পাশে দাঁড়াতে হবে। কপ-৩১ সম্মেলনের মাধ্যমে প্যারিস চুক্তি ও ইউএনএফসিসিসির লক্ষ্য বাস্তবায়নে নতুন গতি আসবে বলে আমরা আশা করি।”

 

তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক সংহতি, প্রযুক্তি বিনিময় এবং কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার কোনো বিকল্প নেই।

 

সূত্র: বাসস


সম্পর্কিত

প্রধানমন্ত্রীডব্লিউইএফ

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।