জাতীয়
রাজনীতির নামে বিভ্রান্তি ছড়ালে শক্ত হাতে প্রতিহত করা হবে: প্রধানমন্ত্রী

দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, “রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকবো না। শক্ত হাতে প্রতিহত করবো।”
শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে চাঁদপুরসহ দেশের আরও ২০টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। তিনি বলেন, “বিএনপির রাজনীতি মানে খাল খনন, কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন মিল-কারখানা তৈরি, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, স্বাস্থ্যের ব্যবস্থা করা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, “আমরা আন্দোলনের মাধ্যমে দেশ থেকে স্বৈরাচার হটিয়েছি। দেশের মানুষ এখন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। এখন মানুষের ভাগ্য পরিবর্তনের পালা।”
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১০ জন নারীর হাতে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন। সুবিধাভোগীদের মধ্যে ছিলেন হাসিনা খাতুন, সোহাগী আখতার, ফাতেমা খাতুন, আমেনা খাতুন, মোসেদা বেগম, মনোয়ারা বেগম, মাহমুদা খাতুন, রুমা আখতার, নাজমা বেগম ও তাসলিমা।
পরে ল্যাপটপের বাটন চাপার মাধ্যমে চাঁদপুরসহ ২০টি জেলার ১৫ হাজার নারী সুবিধাভোগীর কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আড়াই হাজার টাকা করে পাঠানো হয়।
দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এখন সময় কাজ করার, এখন সময় দেশ গড়ার। আসুন, দেশ গড়ার কাজে নেমে পড়ি। কেউ যেন আমাদের এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ যে রায় দিয়েছে, আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি। পর্যায়ক্রমে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা গেলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।”
অনুষ্ঠানে চাঁদপুরে ইপিজেড স্থাপন ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির প্রতিও ইতিবাচক সমর্থনের কথা জানান প্রধানমন্ত্রী।
সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








