জাতীয়


অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে নয়, অপরাধী হিসেবেই দেখুন: প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১১ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার

অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে নয়, অপরাধী হিসেবেই দেখুন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ- ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেন । ১১ মেছবি: পিএমও


রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যে-ই অপরাধ করবে, তাকে অপরাধী হিসেবেই দেখতে হবে এবং আইনের প্রয়োগ সবার জন্য সমান হতে হবে।

 

সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রী বলেন, “দুর্নীতি ও সন্ত্রাস দমনে কাজ করতে গিয়ে অনেক সময় আপনাদের রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক প্রভাবের মুখোমুখি হতে হয়। আমি আজ পরিষ্কারভাবে বলতে চাই, কারও রাজনৈতিক পরিচয় বিবেচনা করবেন না। যে অপরাধ করবে, তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। আইনের প্রয়োগ সবার জন্যই সমান।”

 

তিনি বলেন, রাষ্ট্র ও জনগণের কল্যাণে দায়িত্ব পালনের মধ্য দিয়েই একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব। সরকার দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের বিরুদ্ধে আপসহীন অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

 

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে দায়িত্বশীল ও পেশাদার আচরণের মাধ্যমে পুলিশ সদস্যরা সরকারের নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখতে পারেন।

 

প্রযুক্তির বিকাশের কারণে অপরাধের ধরন ও পরিসর বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশি কার্যক্রম এখন আর শহর বা জেলার মধ্যে সীমাবদ্ধ নেই। “ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম” বর্তমান বৈশ্বিক বাস্তবতা উল্লেখ করে তিনি প্রতিটি পুলিশ কর্মকর্তাকে বহুমুখী দক্ষতা অর্জনের আহ্বান জানান।

 

পদোন্নতি বা পছন্দের স্থানে পদায়নের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপস না করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “সরকার পাঁচ বছরের জন্য। একইভাবে জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী নয়।”

 

তিনি আরও বলেন, প্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ। যেখানে যে দায়িত্ব দেওয়া হবে, সেটি আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে পালন করতে হবে। সততা, মেধা ও দক্ষতাই প্রশাসনে নিয়োগ, বদলি ও পদায়নের মূলনীতি হবে বলেও জানান তিনি।

 

পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণ সাধারণত পুলিশ প্রশাসনকে সরকারের প্রতিচ্ছবি হিসেবে দেখে। তাই পুলিশের আচরণ ও কার্যক্রমের ওপরই সরকারের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে।

 

তিনি বলেন, “জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হবে আইনগত এবং মানবিক।” রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রেও পুলিশকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

 

চব্বিশের ৫ আগস্ট–পরবর্তী পরিস্থিতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, গত দেড় বছরে বিভিন্ন কঠিন পরিস্থিতি পুলিশ কৌশলগতভাবে মোকাবিলা করেছে এবং অনেক ক্ষেত্রে সহিংসতা নিয়ন্ত্রণে সফল হয়েছে।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং অতিরিক্ত আইজিপি এ কে এম আউলাদ হোসেন

 

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সংকটে পুলিশ বাহিনীর ভূমিকা এবং বাহিনীর উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর উদ্যোগ নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

 

পরে প্রধানমন্ত্রী টাইগার গেটের সামনে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এ সময় পুলিশ কর্মকর্তারা বাহিনীর বিভিন্ন দাবিদাওয়া তাঁর সামনে তুলে ধরেন।

 

এর আগে রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এবারের প্রতিপাদ্য ছিল “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ।”


সম্পর্কিত

জাতীয়প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী তারেক রহমান

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

পদ্মা ব্যারাজ: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভাগ্য বদলের ৩৪ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা অনুমোদন

বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন করেছে সরকার। প্রথম পর্যায়ে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৩৪৭ কোটি টাকা। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেওয়া হয়।

ঢাকায় আসছে ৭০০ কেজির ‘ডোনাল্ড ট্রাম্প’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের কোরবানির পশুর হাটে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ব্যতিক্রমধর্মী এক গোলাপি মহিষ। প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের এই মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। অদ্ভুত গায়ের রং ও মাথার সামনের সোনালি-লালচে চুলের কারণে ইতোমধ্যেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

দেশের ৯ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে।

প্রতিদিনের কাগজ তুমি কার, মালিকানা নিয়ে ধোঁয়াশা

ময়মনসিংহ থেকে প্রকাশিত আঞ্চলিক সংবাদপত্র ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর মালিকানা, সম্পাদকীয় পদ ও প্রকাশনা কার্যক্রম নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। সরকারি নথি, দায়িত্ব বণ্টন ও বাস্তব কার্যক্রমের মধ্যে অসংগতি থাকায় সংবাদপত্রটি নিয়ে সাংবাদিক মহলসহ পাঠকদের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে।