জাতীয়
স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে উগ্রবাদের স্থান থাকবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ছবি: দূরবীন নিউজ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, স্কুল পর্যায়ে সংস্কৃতিচর্চা নিশ্চিত করা গেলে দেশে উগ্রবাদের কোনো স্থান থাকবে না। শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও সহনশীলতা গড়ে তুলতে সাংস্কৃতিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিক্ষা কারিকুলামে সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশনার আলোকে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও নৈতিক চেতনা বিকাশে সহায়ক সাংস্কৃতিক কর্মকাণ্ড পাঠ্যক্রমে আরও বিস্তৃত ও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, সংগীত, নাটক, বিতর্ক ও চিত্রাঙ্কনের মতো সৃজনশীল কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের ইতিবাচক চিন্তাধারা গড়ে তোলে এবং দলগত চেতনা ও সহনশীলতা বৃদ্ধি করে। এর মাধ্যমে উগ্র চিন্তার প্রবণতা হ্রাস পায়।
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার্থীদের জীবনের ভিত্তি। সেই ভিত্তিকে আরও শক্তিশালী করতে প্রাথমিক পর্যায়ে সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করা হবে। এ লক্ষ্যে শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “একটি সুস্থ, সৃজনশীল ও সচেতন প্রজন্ম গঠনে সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতিচর্চা বিস্তৃত করতে আমরা সমন্বিতভাবে কাজ করছি।”
সভায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো: মাসুদ রানা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো: শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








