জাতীয়
ঢাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে, ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

যানজট নিরসন ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী সপ্তাহ থেকে এ কার্যক্রম পাইলট প্রকল্প হিসেবে চালু করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিকভাবে ঢাকা মহানগরীর বড় এবং যানজটপ্রবণ এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ‘ব্লেন্ডেড এডুকেশন’ পদ্ধতি চালু করা হবে। এটি বাধ্যতামূলক নয়; যেসব প্রতিষ্ঠান প্রয়োজনীয় সক্ষমতা রাখে, তাদের নিয়েই এই উদ্যোগ শুরু হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সপ্তাহে ছয় দিন ক্লাস চলবে। এর মধ্যে শনিবার, সোমবার ও বুধবার সশরীরে ক্লাস অনুষ্ঠিত হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়া হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, অনলাইন ক্লাস চলাকালেও শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে ক্লাস নিতে হবে; বাসা থেকে ক্লাস নেওয়ার সুযোগ থাকবে না।
এদিকে, রাজধানীর একটি বড় শিক্ষাপ্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বড় প্রতিষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষার্থী থাকায় যাতায়াতে নানা সমস্যা হয়। বর্তমান জ্বালানি সংকট ও যানজটের প্রেক্ষাপটে এই ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য স্বস্তি বয়ে আনবে।
তিনি আরও জানান, শিক্ষার্থীরা অনলাইনে পাঠ গ্রহণের পাশাপাশি সশরীরে ক্লাসের দিনে জটিল বিষয়গুলো শিক্ষককের কাছ থেকে বুঝে নিতে পারবে।
সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








