জাতীয়


৫ বছর টিকাদান ক্যাম্পেইন না হওয়ায় হামের ঝুঁকি বেড়েছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন, সোমবার

৫ বছর টিকাদান ক্যাম্পেইন না হওয়ায় হামের ঝুঁকি বেড়েছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ও টিকার সংকটের জন্য পূর্ববর্তী সরকারের নীতিগত ব্যর্থতাকে দায়ী করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, গত সাড়ে পাঁচ বছর হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন না হওয়ায় বিপুলসংখ্যক শিশু টিকার বাইরে থেকে গেছে, যার ফলেই বর্তমানে সংক্রমণ বেড়েছে।

 

সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

 

মন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী প্রতি চার বছর পরপর হাম-রুবেলা ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও গত সাড়ে পাঁচ বছরে তা হয়নি। এর ফলে টিকাবঞ্চিত শিশুদের মধ্যে হামের ঝুঁকি বেড়েছে। পাশাপাশি পূর্ববর্তী সরকারের অদূরদর্শী সিদ্ধান্তের কারণে টিকা সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থায় জটিলতা তৈরি হয়ে হামসহ ছয়টি গুরুত্বপূর্ণ টিকার মজুদে সংকট দেখা দেয়।

 

পরিস্থিতি মোকাবিলায় সরকার জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করেছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় গত ৫ এপ্রিল থেকে ১৮টি জেলা ও ৩০টি ঝুঁকিপূর্ণ উপজেলায় এই কর্মসূচি চালু হয়েছে। এতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে। প্রথম ধাপে ১২ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

স্বাস্থ্যমন্ত্রী জানান, কর্মসূচির প্রথম দিনেই ৩০টি উপজেলায় ৭৬ হাজার লক্ষ্যমাত্রার বিপরীতে ৭৩ হাজার শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা প্রায় ৯৬ শতাংশ সাফল্য। আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় এবং ৩ মে থেকে সারাদেশে পর্যায়ক্রমে এই কার্যক্রম বিস্তৃত হবে।

 

হাসপাতালের প্রস্তুতি সম্পর্কে মন্ত্রী বলেন, দেশের সব সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। রাজশাহীতে অতিরিক্ত ২৫০টি আইসোলেশন বেড প্রস্তুতের কাজ চলছে। পাশাপাশি আইসিইউ ও ভেন্টিলেটর সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কম খরচে চিকিৎসা নিশ্চিত করতে আইসিডিডিআরবি উদ্ভাবিত ৩০০ টাকা ব্যয়ের একটি অক্সিজেন প্রবাহ ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে।

 

তবে সম্পূরক প্রশ্নে এমপি আখতার হোসেন মাঠপর্যায়ে অব্যবস্থাপনার অভিযোগ তুলে বলেন, কাগজে বরাদ্দ থাকলেও সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে আইসোলেশন বা আইসিইউ সুবিধা পাচ্ছে না। এছাড়া স্বাস্থ্য খাতের বড় অংশের বাজেট প্রতিবছর অব্যবহৃত থেকে যাচ্ছে।

 

এর জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনাকালে অব্যয়িত ৬০৪ কোটি টাকা দিয়ে ইউনিসেফের মাধ্যমে অতিরিক্ত হামের টিকা সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে টিকার সংকট এড়াতে মন্ত্রণালয় সতর্ক রয়েছে বলেও তিনি আশ্বাস দেন। একইসঙ্গে মাঠপর্যায়ের তদারকি জোরদার করতে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় বাড়ানো হয়েছে।


সম্পর্কিত

স্বাস্থ্যমন্ত্রী

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।