জাতীয়


গণঅভ্যুত্থানে হাসিনার পতন, নির্বাচনে ফিরছে পুরোনো রাজনীতি– জেন-জির হতাশা


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার

গণঅভ্যুত্থানে হাসিনার পতন, নির্বাচনে ফিরছে পুরোনো রাজনীতি– জেন-জির হতাশা

ক্রমবর্ধমান রাজনৈতিক অনিশ্চয়তা, ধর্মীয় মেরুকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিস্থিতিকে চ্যালেঞ্জিং করে তুলেছে । ছবি: Rajib Dhar/AP/picture alliance


জেন–জির নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের শাসক শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে তরুণ প্রজন্ম রাজপথে নেমেছিল, নির্বাচনী বাস্তবতায় তার প্রতিফলন নিয়ে গভীর হতাশার কথা উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম CNN–এর এক প্রতিবেদনে।

 

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন ঘিরে দেশজুড়ে উত্তেজনা ও প্রত্যাশা থাকলেও রাজনীতির মাঠে পুরোনো শক্তিগুলোর পুনরাবির্ভাব তরুণ আন্দোলনকারীদের স্বপ্নকে প্রশ্নের মুখে ফেলেছে।

 

২০২৪ সালের গ্রীষ্মে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ দ্রুত দেশব্যাপী গণআন্দোলনে রূপ নেয়। সরকারের কঠোর দমন–পীড়নে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের হিসাব অনুযায়ী, ওই সময় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে সেনাবাহিনী গুলি চালাতে অস্বীকৃতি জানায়। এরপরই শেখ হাসিনার শাসনের অবসান অনিবার্য হয়ে ওঠে। আগস্টে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ঢুকে পড়লে শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে চলে যান।

 

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত নভেম্বরে ঢাকার একটি আদালত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে তাঁকে প্রত্যর্পণ ইস্যুতে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে।

 

এবারের নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। এতে রাজনৈতিক সুবিধা পেয়েছে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে দলটির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। বিশ্লেষকদের মতে, তিনিই এখন নির্বাচনের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব।

 

একই সঙ্গে প্রতিবেদনে জামায়াতে ইসলামীর পুনরুত্থানের কথাও উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনার শাসনামলে দলটি দীর্ঘদিন দমন–পীড়নের শিকার হলেও এবারের নির্বাচনে তারা সক্রিয় ভূমিকা রাখছে। তবে দলটি কোনো নারী প্রার্থী না দেওয়ায় সমালোচনার মুখে পড়েছে।

 

গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) প্রত্যাশিত প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। ডিসেম্বরের শেষ দিকে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার পর দলটি তরুণদের বড় অংশের আস্থা হারায়।

 

লন্ডনের এসওএএস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাওমি হোসেন সিএনএনকে বলেন, সহিংস রাজনৈতিক বাস্তবতায় সংসদীয় অবস্থান অনেক সময় নিরাপত্তার ঢাল হিসেবে কাজ করে। তবে অনেক তরুণ এই জোটকে গণআন্দোলনের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন।

 

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী নাজিফা জান্নাত বলেন, ‘এনসিপি সংস্কার ও অন্তর্ভুক্তির কথা বলেছিল। কিন্তু নারীবিরোধী অবস্থান নেওয়া দলের সঙ্গে জোট আমাদের জন্য লজ্জাজনক।’

 

আরেক আন্দোলনকারী সাদমান মুজতবা রাফিদ বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চেয়েছিলাম যেখানে লিঙ্গ, ধর্ম বা জাতি নির্বিশেষে সবাই সমান সুযোগ পাবে। বাস্তবতা এখন সেই স্বপ্ন থেকে অনেক দূরে।’

 

সব অনিশ্চয়তার মধ্যেও সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, অনেকেই এটিকে গত এক দশকের মধ্যে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে দেখছেন। ঢাকার রাজপথে বিরাজ করছে কৌতূহল ও প্রত্যাশা।

 

আন্দোলনে অংশ নেওয়া মির্জা শাকিল বলেন, ‘এই নির্বাচন নতুন কিছু আনতে পারে এখনো আমরা আশাবাদী।’


সম্পর্কিত

জাতীয়জুলাই গণঅভ্যুত্থানজেন-জিনির্বাচন

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

ঈদের ছুটিতেও খোলা থাকবে যেসব অফিস

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটির প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশব্যাপী সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অফিস ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।

টঙ্গীতে জুতা কারখানায় আগুন, ছিল না ফায়ার লাইসেন্স

গাজীপুরের টঙ্গীর বউবাজার এলাকায় একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, কারখানাটির কোনো ফায়ার লাইসেন্স ছিল না। এছাড়া প্রতিষ্ঠানটির অনুমোদন নিয়েও প্রশ্ন উঠেছে।

পদ্মা ব্যারাজ: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভাগ্য বদলের ৩৪ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা অনুমোদন

বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন করেছে সরকার। প্রথম পর্যায়ে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৩৪৭ কোটি টাকা। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেওয়া হয়।

ঢাকায় আসছে ৭০০ কেজির ‘ডোনাল্ড ট্রাম্প’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের কোরবানির পশুর হাটে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ব্যতিক্রমধর্মী এক গোলাপি মহিষ। প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের এই মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। অদ্ভুত গায়ের রং ও মাথার সামনের সোনালি-লালচে চুলের কারণে ইতোমধ্যেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।