জাতীয়


পোস্টাল ব্যালটের ফল প্রকাশে কিছুটা সময় লাগতে পারে: ইসি সচিব


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার

পোস্টাল ব্যালটের ফল প্রকাশে কিছুটা সময় লাগতে পারে: ইসি সচিব

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ । ছবি: সংগৃহীত


পোস্টাল ব্যালটের ফলাফলে কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে তিনি আশ্বস্ত করেছেন, এই বিলম্ব কোনো অবস্থাতেই দীর্ঘায়িত হবে না।

 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর একটি হোটেলে নির্বাচন কমিশন ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

ইসি সচিব বলেন, পোস্টাল ব্যালট ব্যবস্থার কারণে এবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আলাদা একটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে, যা আগে ছিল না। ব্যালট পেপারের কাঠামোগত কারণে একাধিকবার যাচাই-বাছাই করতে হয়। ফলে অন্যান্য কেন্দ্রের তুলনায় পোস্টাল ব্যালটের ফল পেতে কিছুটা বেশি সময় লাগতে পারে। তবে বিষয়টি সামাল দেওয়ার জন্য কমিশন প্রস্তুত রয়েছে।

 

তিনি আরও বলেন, পোস্টাল ব্যালটসহ প্রতিটি কেন্দ্রের ফল ধাপে ধাপে প্রকাশ করা হবে। কে কত ভোট পেয়েছেন, কে জয়ী হয়েছেন কিংবা পরাজিত হয়েছেন—সঠিক ও যাচাইকৃত তথ্যই কমিশন জনগণের সামনে তুলে ধরবে। সুষ্ঠু ও সুন্দরভাবে এবারের নির্বাচন সম্পন্ন করাই কমিশনের লক্ষ্য।

 

আখতার আহমেদ বলেন, আর মাত্র ৪৩ ঘণ্টা পরই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার ভোটাররা দুটি ব্যালটে ভোট দেবেন একটি আগামী পাঁচ বছরের সরকার নির্ধারণের জন্য, অন্যটি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে গণভোট। দুটি ভোট একসঙ্গে পরিচালনা করা বড় চ্যালেঞ্জ হলেও কমিশন তা সফলভাবে মোকাবিলা করতে পেরেছে বলে তিনি দাবি করেন।

 

তিনি জানান, প্রার্থী মৃত্যুর কারণে স্থগিত হওয়া একটি আসন ছাড়া বাকি ২৯৯ আসনে ব্যালট পেপারসহ সব নির্বাচনী উপকরণ ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। অর্থাৎ ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

ইসি সচিব বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে আমরা একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পৌঁছাব। এই পর্যায়ে আসা সহজ ছিল না। ধাপে ধাপে আমরা এখানে এসেছি। এখন লক্ষ্য একটাই উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন উপহার দেওয়া।”

 

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়মিত তথ্য সরবরাহ করবে এবং তথ্যের ব্যাখ্যাও দেওয়া হবে। তবে অপতথ্য ও অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি। “সত্য যত কঠিনই হোক, আমরা সেটিই বলব,” বলেন আখতার আহমেদ।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।


সম্পর্কিত

ইসি সচিবপোস্টাল ব্যালট

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।