সারাদেশ


চাঁপাইনবাবগঞ্জে প্রাচীন গৌড় নগরীর প্রত্নস্থল পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৭ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন, বুধবার

চাঁপাইনবাবগঞ্জে প্রাচীন গৌড় নগরীর প্রত্নস্থল পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জ সফরকালে প্রাচীন গৌড় নগরীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেছেন। সফরকালে তিনি ঐতিহাসিক নিদর্শনগুলো ঘুরে দেখার পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন।

 

রোববার (১৭ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত প্রাচীন গৌড় নগরীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন করেন তিনি।

 

সফরকালে মার্কিন রাষ্ট্রদূত ঐতিহাসিক ছোট সোনামসজিদসহ আশপাশের প্রাচীন নিদর্শনগুলো গভীর আগ্রহের সঙ্গে ঘুরে দেখেন। এ সময় তিনি স্থাপনাগুলোর ইতিহাস ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।

 

প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শনের পাশাপাশি তিনি সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন কার্যক্রমের সার্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন। এর আগে তিনি রাজশাহী থেকে সড়কপথে সরাসরি ভারত-বাংলাদেশ সীমান্তের সোনামসজিদ স্থলবন্দর এলাকায় পৌঁছান।

 

সেখানে সুলতানী আমলের ঐতিহাসিক স্থাপনা ছোট সোনামসজিদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নিদর্শন ঘুরে দেখার পাশাপাশি সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা ও ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন।

 

প্রাচীন গৌড়ের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের সময় রাষ্ট্রদূতকে বেশ উৎফুল্ল দেখা যায়। তিনি নিজেই বিভিন্ন স্থাপনার ছবি তোলেন এবং এ অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহ প্রকাশ করেন।

 

রাষ্ট্রদূতের সফরকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সম্পর্কিত

মার্কিন রাষ্ট্রদূতচাঁপাইনবাবগঞ্জ

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়েছে, যে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।