সারাদেশ
স্পেশাল বিসিএসে আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রীচিকিৎসক

দেশের স্বাস্থ্যখাতে জনবল সংকট কাটাতে স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে চিকিৎসকদের প্রশিক্ষণ বৃদ্ধি, জেলা-উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং কিডনি ডায়ালাইসিস ও আইসিইউ সুবিধা বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি।
বুধবার (১৭ জুন) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট রাজবাড়ী সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা একটা অথৈ সাগরের ভেতরে সাঁতার কাটছি। তবুও আল্লাহর রহমতে বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার ডাক্তার নেব। আরও প্রশিক্ষণের ব্যবস্থা করছি।”
তিনি জানান, রাজবাড়ী সদর হাসপাতালে নতুন করে ১৪ জন চিকিৎসক পদায়ন করা হয়েছে। তবে তাদের মধ্যে ছয়জন এখনও যোগদান করেননি। এছাড়া দুইজন কনসালটেন্টও দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও জনবল ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
ডেপুটেশনে থাকা চিকিৎসকদের বিষয়ে মন্ত্রী বলেন, “সারা বাংলাদেশে যে ডেপুটেশন ছিল, এগুলো আমরা বাতিল করতেছি। এখানেও একজন নারী ডাক্তার দুই মাস ধরে আসেন না। খবর পেয়েছি তিনি অন্য জায়গায় প্র্যাকটিস করেন। তাকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এর মধ্যে যোগদান না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বলেন, দীর্ঘ সময়ের নানা সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়। তবে স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডাক্তার, নার্স, আয়া এবং স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট সবাই একই পরিবারের সদস্য। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করতে হবে।
তিনি বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি। এটি আমাদের নির্বাচনী ইশতেহারেরও অংশ। আমরা চাই দেশের কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে মারা না যায়।”
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রাজবাড়ী সদর হাসপাতালের নতুন ভবন পরিদর্শন প্রসঙ্গে মন্ত্রী বলেন, খুব শিগগিরই ভবনটির উদ্বোধন করা হবে। সেখানে কী ধরনের আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন, তা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়েছে। হাসপাতালের সুপেয় পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা আধুনিকীকরণ এবং ফ্রিজার স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
তিনি জানান, এসব কাজ শেষ হলে কুষ্টিয়ার সঙ্গে একযোগে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
পরিদর্শনের সময় হাসপাতালের সার্বিক সেবার মানও খতিয়ে দেখা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। কর্মচারীরা নিয়মিত বেতন পাচ্ছেন কি না, চিকিৎসকদের উপস্থিতি, নতুন পদায়ন পাওয়া চিকিৎসকদের কর্মতৎপরতাসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়েছে।
তিনি বলেন, “আমি এই হাসপাতালে বড় ধরনের কোনো উল্লেখযোগ্য ত্রুটি পাইনি।”
দেশব্যাপী স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, প্রতিটি হাসপাতালে আইসিইউ সুবিধা চালু করার পাশাপাশি ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে টেন্ডার প্রক্রিয়াও শেষ হয়েছে।
তিনি বলেন, “প্রত্যেক জেলা হাসপাতাল, এমনকি উপজেলা পর্যায় পর্যন্ত গরিব মানুষ যাতে কম খরচে কিডনি ডায়ালাইসিস করতে পারে, সে জন্য আমরা মেশিন ক্রয় করছি। মানুষ যেন নিজের এলাকার কাছেই চিকিৎসা নিতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।”
কিডনি ডায়ালাইসিসের ব্যয় কমাতে চলতি বাজেটেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি গত সপ্তাহে ১০টি হাসপাতালে নতুন আইসিইউ সুবিধা চালু করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা যে বাজেট পেয়েছি, তার সর্বোচ্চ ব্যবহার করে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছি। তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের চেষ্টার শেষ পর্যন্ত করবো।”
এর আগে রাজবাড়ী সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, টয়লেট, রান্নাঘর ও নতুন ভবন ঘুরে দেখেন তিনি। রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন।
পরে হাসপাতাল তত্ত্বাবধায়কের কক্ষে গিয়ে চিকিৎসকদের হাজিরা খাতা পর্যালোচনা করেন। পাশাপাশি মাস্টাররোলে নিয়োজিত কর্মচারীদের উপস্থিতিও যাচাই করেন। হাসপাতালকে দালালমুক্ত ও পরিচ্ছন্ন রাখার নির্দেশনাও দেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
সারাদেশ থেকে আরও পড়ুন
কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক
কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়েছে, যে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড
কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।









