সারাদেশ


পৈতৃক জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০২ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার

পৈতৃক জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

ময়মনসিংহ সদরে পৈতৃক জমির ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। সোমবার (১ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।

 

নিহত আবদুল বাছেদ (৩৫) ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া গ্রামের মৃত আছর আলীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল বাছেদ ও তাঁর ছোট ভাই মো. রাশেদুলের (২৫) মধ্যে পৈতৃক সম্পত্তি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ বিষয়কে কেন্দ্র করে পরিবারের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

 

একপর্যায়ে রাশেদুল লাঠি দিয়ে আবদুল বাছেদের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ২০ মিনিটের দিকে আবদুল বাছেদের মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

 

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত রাশেদুল পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।


সম্পর্কিত

ময়মনসিংহ

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়েছে, যে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।