সারাদেশ


নরসিংদীতে ধারণ হলো ‘ইত্যাদি’র নতুন পর্ব, দর্শকদের উপচে পড়া ভিড়


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০১ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন, সোমবার

নরসিংদীতে ধারণ হলো ‘ইত্যাদি’র নতুন পর্ব, দর্শকদের উপচে পড়া ভিড়

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব এবার ধারণ করা হয়েছে নরসিংদীতে। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং জনপদের বৈচিত্র্যময় গল্প তুলে ধরার ধারাবাহিকতায় এবারের আয়োজনের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে জেলার রায়পুরা উপজেলার রামনগরকে।

 

বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে নির্মিত হয় অনুষ্ঠানটির বর্ণিল মঞ্চ। আয়োজনকে কেন্দ্র করে নরসিংদীজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

 

দুপুরের পর থেকেই দর্শকরা অনুষ্ঠানস্থলে জড়ো হতে শুরু করেন। জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা বিশেষ আমন্ত্রণপত্র নিয়ে হাজারো মানুষ উপস্থিত হন ধারণস্থলে। নির্ধারিত সময়ের আগেই পুরো প্রাঙ্গণ দর্শকে পূর্ণ হয়ে যায়। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতির কারণে অনেকে আশপাশের ভবনের ছাদ, দেয়াল, রাস্তার পাশ এবং গাছের ডালে অবস্থান নিয়ে অনুষ্ঠান উপভোগ করেন।

 

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ভ্যাপসা গরম উপেক্ষা করে দর্শকরা ঘণ্টার পর ঘণ্টা উপভোগ করেন তাদের প্রিয় অনুষ্ঠানটির ধারণ কার্যক্রম।

 

এবারের পর্বে থাকছে দুটি বিশেষ গান। এর মধ্যে একটি পরিবেশন করেছেন নরসিংদীর কৃতী সন্তান ইমন চৌধুরী ও তাঁর ব্যান্ড ‘বেঙ্গল সিম্ফনি’। জুয়েল আহমেদ ও কবির বকুলের কথায় নির্মিত ফোক-ফিউশনধর্মী গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী।

 

অনুষ্ঠানের সূচনায় নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে উপজীব্য করে একটি বর্ণাঢ্য নৃত্যগীত পরিবেশিত হবে। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। এতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশনাটির কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ।

 

প্রতিবারের মতো এবারও দর্শকপর্বে ছিল কুইজ প্রতিযোগিতা। নরসিংদীকে কেন্দ্র করে করা প্রশ্নোত্তরের মাধ্যমে চারজন বিজয়ী নির্বাচন করা হয়। পরে তারা জেলার ঐতিহ্যবাহী পণ্যকে ঘিরে নির্মিত একটি নাট্যাংশে অংশ নেন।

 

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিয়ে একাধিক তথ্যভিত্তিক প্রতিবেদন। তুলে ধরা হবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন উয়ারী-বটেশ্বর, ঐতিহ্যবাহী তাঁতশিল্প, ‘প্রাচ্যের ম্যানচেস্টার’ খ্যাত বাবুরহাট এবং জেলার জিআই স্বীকৃত পণ্য অমৃতসাগর কলা ও লটকন সম্পর্কে নানা তথ্য।

 

এ ছাড়া খুলনার বটিয়াঘাটার দৃষ্টিহীন প্রবীণ চিত্ত রঞ্জন মহালদারকে নিয়ে একটি মানবিক প্রতিবেদনও থাকবে অনুষ্ঠানে। প্রতিবেদনে তাঁর সংগ্রাম ও জীবনযুদ্ধের গল্প তুলে ধরা হবে।

 

বিদেশি প্রতিবেদন অংশে দর্শকদের নিয়ে যাওয়া হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের রাজধানী মেলবোর্নে। সেখানে বিশ্বখ্যাত ‘দ্য পেঙ্গুইন প্যারেড’-এর মনোমুগ্ধকর দৃশ্য তুলে ধরা হবে।

 

অনুষ্ঠানে আরও থাকছে কাশেম টিভির সাংবাদিক ও তাঁর নাতির মজার কথোপকথন, চিঠিপত্র পর্ব এবং সমসাময়িক বিভিন্ন সামাজিক অসঙ্গতি নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশ। ভাঙতি সংকট, দুর্নীতি, সামাজিক সম্পর্ক, জনসচেতনতাসহ বিভিন্ন সমকালীন বিষয় উঠে আসবে এসব পরিবেশনায়।

 

বরাবরের মতো ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। নরসিংদীতে ধারণ করা এই বিশেষ পর্ব আগামী ৫ জুন শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।

 

 

 


সম্পর্কিত

ইত্যাদিনরসিংদী

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়েছে, যে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।