সারাদেশ
ডিজেল সংকটে হাওরে ধান কাটা থমকে যাওয়ার শঙ্কা, দিশেহারা কৃষক

সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো ধান কাটার মৌসুম শুরু হলেও ডিজেল সংকট ও জটিল সরবরাহব্যবস্থার কারণে কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তেল সংগ্রহে জটিলতায় ধান কাটা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।
জেলার বিভিন্ন এলাকার কৃষক ও হারভেস্টার মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধান কাটার জন্য প্রয়োজনীয় তেল না পেয়ে অনেকেই বিপাকে পড়েছেন। জেলা প্রশাসনের নির্ধারিত প্রক্রিয়ায় তেল নিতে গিয়ে সময়ক্ষেপণ ও দুর্ভোগ বাড়ছে।
সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর গ্রামের কৃষক আব্দুল্লা মিয়া জানান, তিনি প্রায় ৩০ একর জমিতে ধান চাষ করেছেন। কিন্তু দুই দিনে মাত্র সাত কেয়ার জমির ধান কাটতে পেরেছেন। বাকি ধান সময়মতো কাটতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
একই উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষক ও সাবেক ইউপি সদস্য ইকবাল আহমদ বলেন, অনেক হারভেস্টার চালক তেল নিতে গিয়ে পাম্প থেকে ফিরে আসছেন। কৃষি অফিস ও ইউএনও’র অনুমোদন ছাড়া পাম্পগুলো তেল দিচ্ছে না।
নিয়ামতপুর গ্রামের হারভেস্টার মালিক আব্দুল হক জানান, স্লিপ সংগ্রহ করেও নির্ধারিত পরিমাণ তেল পেতে একাধিক পাম্পে ঘুরতে হয়েছে। শেষ পর্যন্ত দূরের একটি পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়েছে।
কৃষক ও যন্ত্র মালিকদের অভিযোগ, স্লিপ সংগ্রহের প্রক্রিয়াটি জটিল ও সময়সাপেক্ষ। এতে ধান কাটতে বিলম্ব হচ্ছে। তারা পাম্প বা ডিলার পর্যায়ে সরাসরি তেল সরবরাহের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় বর্তমানে ৬০২টি কম্বাইন হারভেস্টার ও ১৫৫টি রিপার মেশিন সচল রয়েছে। তবে তেলের অভাবে এসব যন্ত্রের ব্যবহার ব্যাহত হচ্ছে।
উপপরিচালক ওমর ফারুখ জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে নিয়ন্ত্রিতভাবে তেল সরবরাহের এই ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের প্রত্যয়ন নিয়ে এলে তবেই পাম্প থেকে তেল দেওয়া হচ্ছে।
শাল্লা উপজেলার কৃষক ছত্তার মিয়া বলেন, একটি হারভেস্টার প্রতিদিন চালাতে অন্তত ১০০ লিটার ডিজেল প্রয়োজন। এই চাহিদা সহজভাবে পূরণ না হলে ধান কাটা কঠিন হয়ে পড়বে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। এর মধ্যে আগাম বৃষ্টিতে কিছু জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
বর্তমানে জেলার সব উপজেলাতেই ধান কাটা শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১৫ মে’র মধ্যে ধান কাটা শেষ করার আশা করছে কৃষি বিভাগ।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
সারাদেশ থেকে আরও পড়ুন
কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক
কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়েছে, যে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড
কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।









