সারাদেশ


চট্টগ্রামে বর্ণিল বৈশাখী শোভাযাত্রায় বর্ষবরণ: উৎসবের রঙে রাঙা বন্দরনগরী


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার

চট্টগ্রামে বর্ণিল বৈশাখী শোভাযাত্রায় বর্ষবরণ: উৎসবের রঙে রাঙা বন্দরনগরী

বাংলা নববর্ষের প্রথম প্রভাতে উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে চট্টগ্রাম। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণের আয়োজন।

 

চট্টগ্রাম জেলা প্রশাসন-এর উদ্যোগে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি হিলে গিয়ে শেষ হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

 

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। বৈশাখের সকাল ঘিরে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মানুষের ঢল নামে। ডিসি হিল, সিআরবি শিরিষতলা এবং শহীদ মিনার চট্টগ্রাম-এ ভিড় করেন নানা শ্রেণি-পেশার মানুষ। লাল-সাদা পোশাকে সজ্জিত হয়ে পরিবার-পরিজন নিয়ে নববর্ষকে বরণ করেন নগরবাসী।

 

শোভাযাত্রা শেষে ডিসি হিল ও আশপাশ এলাকায় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে সিআরবি শিরিষতলাতেও চলছে গান, নৃত্য ও লোকজ পরিবেশনা।

 

এদিকে কাজীর দেউড়ি থেকে ডিসি হিল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কজুড়ে আঁকা বৈশাখী আলপনা নজর কেড়েছে সবার। রঙিন এ সজ্জা উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

 

শোভাযাত্রায় অংশ নেওয়া সাংস্কৃতিক কর্মী সাদিকুল ইসলাম বলেন, করোনা মহামারি ও রমজানের কারণে গত কয়েক বছর পয়লা বৈশাখের আয়োজন সীমিত ছিল। এ বছর তাই মানুষের আগ্রহ ও অংশগ্রহণ অনেক বেশি।

 

বর্ষবরণকে ঘিরে নগরজুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে ডিসি হিল ও সিআরবি এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, বাংলা নববর্ষ বাঙালির সর্বজনীন উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে নগরবাসী যেন নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

 
 

সম্পর্কিত

চট্টগ্রামবাংলা নববর্ষবৈশাখী শোভাযাত্রা

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।