সারাদেশ


ভোলার মনপুরায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টা; প্রধান আসামি গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৩ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন, সোমবার

ভোলার মনপুরায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টা; প্রধান আসামি গ্রেপ্তার

ভোলার মনপুরা উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। একই ঘটনায় ভুক্তভোগীর বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন এলাকার বাসিন্দা মো. কামালের ছেলে মিরাজ (২৫)সহ অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।

 

মামলার এজাহার অনুযায়ী, গত ১০ এপ্রিল দিবাগত রাতে অভিযুক্তরা ভুক্তভোগীর বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে জিম্মি করে এবং পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তারা ভুক্তভোগীর স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

 

পরবর্তীতে ভুক্তভোগী নারী (পরিচয় গোপন রাখা হলো) ঘটনাটি পরিবারের সদস্যদের জানান। পুনরায় হামলার আশঙ্কায় পরিবারের পক্ষ থেকে বাড়িতে পাহারার ব্যবস্থা করা হয়।

 

এজাহারে আরও উল্লেখ করা হয়, ১২ এপ্রিল দিবাগত রাতে অভিযুক্ত মিরাজ পুনরায় ওই এলাকায় এলে ভুক্তভোগীর বাবা তাকে আটক করার চেষ্টা করেন। এ সময় মিরাজ তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

 

পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী মনপুরা থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ১২ এপ্রিল আমরা ঘটনাটি জানতে পারি। মামলা গ্রহণের পর প্রধান আসামি মিরাজকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাত আসামি রয়েছে, তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িত অন্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

 
 

সম্পর্কিত

ধর্ষণভোলামনপুরাগৃহবধূ

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়েছে, যে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।