সারাদেশ


কোলে পুষ্টিহীন নবজাতক, নেত্রকোণায় ন্যায়বিচারের অপেক্ষায় ধর্ষিতা প্রতিবন্ধী কিশোরী: অভিযুক্ত পলাতক


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার

কোলে পুষ্টিহীন নবজাতক, নেত্রকোণায় ন্যায়বিচারের অপেক্ষায় ধর্ষিতা প্রতিবন্ধী কিশোরী:  অভিযুক্ত পলাতক

কোলজুড়ে অপুষ্টিতে ভোগা এক নবজাতক, চোখে মুখে অনিশ্চয়তার ছাপ, আর হৃদয়ে ন্যায়বিচারের তীব্র আকাঙ্ক্ষা—এই নিয়ে দিন কাটছে নেত্রকোণার বারহাট্টা উপজেলার ১৪ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীর। ধর্ষণের শিকার হয়ে মা হওয়া এই কিশোরীর জীবন এখন চরম সংকটে, অথচ ঘটনার মাস পার হলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে মূল অভিযুক্ত।

 

ভুক্তভোগী কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সিংধা ইউনিয়নের ওই কিশোরীকে ধর্ষণের ঘটনায় গত ৩ সেপ্টেম্বর বারহাট্টা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ ধর্ষণে সহায়তার অভিযোগে পারুল আক্তার (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত কিবরিয়া (২৪) এখনও পলাতক।

 

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযুক্ত কিবরিয়া স্থানীয় এক প্রভাবশালী জনপ্রতিনিধির আত্মীয় হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তারে সদিচ্ছা দেখাচ্ছে না। পরিবারের সদস্যরা আক্ষেপ করে জানান, পুলিশকে আসামির কথা বললে উল্টো তাদের কাছেই আসামির অবস্থান জানতে চাওয়া হচ্ছে।

 

ভুক্তভোগীর মা বলেন, আমরা গরিব মানুষ, আমাদের কথা কেউ শোনে না। আমার মেয়েটা প্রতিবন্ধী, ও নিজেই ঠিকমতো চলতে পারে না, তার ওপর এখন ছোট একটা বাচ্চা। অর্থের অভাবে না পারছি ভালো চিকিৎসা করাতে, না পারছি বাচ্চার খাবারের ব্যবস্থা করতে।

 

সরেজমিনে দেখা গেছে, কিশোরী মা তার শারীরিক অক্ষমতার কারণে নবজাতককে বুকের দুধ খাওয়াতে পারছে না। চরম দারিদ্র্যের কারণে বিকল্প খাবারের ব্যবস্থাও করতে পারছে না পরিবারটি। ফলে শিশুটি মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে। উন্নত চিকিৎসার অভাবে শিশুটির জীবন এখন সংকটাপন্ন।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুর ইসলাম জানান, পুলিশ আসামিকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, মামলার মূল ভিত্তি হবে ডিএনএ (DNA) পরীক্ষা। আমরা অভিযুক্তকে খুঁজছি। তবে এখন পর্যন্ত তার কোনো সুনির্দিষ্ট অবস্থান বা ক্লু পাওয়া যায়নি।

 

আসামি প্রভাবশালী হওয়ায় পুলিশের পক্ষ থেকে কোনো শিথিলতা দেখানো হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বিষয়টি অস্বীকার করেন এবং জানান যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

এলাকাবাসী ও মানবাধিকার কর্মীদের দাবি, একজন শারীরিক প্রতিবন্ধী কিশোরীর ওপর এমন বর্বরতা এবং পরবর্তীকালে আসামির পলাতক থাকা আইনের শাসনের জন্য প্রশ্নবোধক। দ্রুততম সময়ের মধ্যে কিবরিয়াকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

 

 

 


সম্পর্কিত

নেত্রকোণা

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।