সারাদেশ


প্রথম দুই ঘণ্টা: গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, উপস্থিতি তুলনামূলক কম


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

প্রথম দুই ঘণ্টা: গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, উপস্থিতি তুলনামূলক কম

জেন জি ভোটার মনীষা অর্থি। গোপালগঞ্জ সদরের বীণাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ফটকে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে । ছবি: সংগৃহীত


গোপালগঞ্জে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। তবে প্রথম দুই ঘণ্টায় ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গোপালগঞ্জ সদরের দুটি এবং টুঙ্গিপাড়া উপজেলার চারটি মোট ছয়টি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়।

 

স্থানীয় কয়েকজন ভোটার জানান, নির্বাচন ঘিরে কিছুটা শঙ্কা ছিল তাঁদের মনে। কারণ, বুধবার রাতেও জেলা সদর ও টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় অন্তত নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে আজকের পরিবেশ স্বাভাবিক বলে মনে হয়েছে তাঁদের।

 

সদরের বীণাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৭টায় গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি ছিল না। প্রার্থীদের পোলিং এজেন্টরা কেন্দ্রে অবস্থান করছিলেন। সকাল ৮টার পর থেকে ধীরে ধীরে ভোটার আসতে শুরু করেন।

 

এই কেন্দ্রে ভোট দিয়ে বের হন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনীষা অর্থি। তিনি বলেন, “আমরা জেন জি, যারা স্বৈরাচারের বিদায় ঘটিয়ে আশার আলো তৈরি করেছে। নির্বাচনের মধ্য দিয়ে সেই আশা পূরণ হবে বলে প্রত্যাশা রাখি। জীবনে প্রথম ভোট দিলাম। পরিবেশ নিরাপদ মনে হয়েছে।”

 

একই কেন্দ্রে ভোট দেন খাদিজা পারভীন। তিনি জানান, চাকরির কারণে আগে কখনো ভোট দিতে পারেননি। এবার এলাকায় থাকায় প্রথমবারের মতো ভোট দিয়েছেন।

 

টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা মুন্সিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত দেড় ঘণ্টায় ভোট পড়ে ১৩০টি। এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৯৩৬ জন।

 

গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (জিটি) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ২ হাজার ৫৪০ ভোটারের মধ্যে ১১৪টি ভোট পড়ে। প্রিজাইডিং কর্মকর্তা কে এম শাহনেওয়াজ বলেন, “সকালে উপস্থিতি কম থাকে, বেলা বাড়লে ভোটার বাড়বে বলে আশা করছি।”

 

টুঙ্গিপাড়া সরকারি কলেজ কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত ২ হাজার ৮০০ ভোটারের মধ্যে ৯৫টি ভোট পড়ে। কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মো. জাকারিয়া জানান, পরিবেশ শান্ত রয়েছে।

 

সার্বিকভাবে প্রথম দুই ঘণ্টায় ভোটার উপস্থিতি কম থাকলেও কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।


সম্পর্কিত

গোপালগঞ্জভোটগ্রহণ

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।