সারাদেশ


হার্টে রিং পরানোর নামে প্রতারণা: গ্রাম পুলিশের ৪০ হাজার টাকা জরিমানা


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১৬ জানুয়ারি ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার

হার্টে রিং পরানোর নামে প্রতারণা: গ্রাম পুলিশের ৪০ হাজার টাকা জরিমানা

রংপুরের কাউনিয়া উপজেলায় কারাবন্দীর হার্টে রিং পরানোর মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগে এক গ্রাম পুলিশকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন গ্রাম্য আদালত।

 

অভিযুক্ত গ্রাম পুলিশ সদস্য আব্দুল হালিম কুর্শা ইউনিয়ন পরিষদে দায়িত্বরত। অভিযোগ রয়েছে, তিনি প্রতারক চক্রের দেওয়া তথ্যে বিশ্বাসযোগ্যতা তৈরি করে কারাবন্দী এক আসামির পরিবারের কাছ থেকে ৩০ হাজার টাকা আদায় করেন।

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কুর্শা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গ্রাম্য আদালতে উভয় পক্ষের শুনানি শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গ্রাম্য আদালতের বিচারক আব্দুল মজিদ এ জরিমানার আদেশ দেন। শুনানিতে ইউনিয়ন পরিষদের সদস্য তোবারক আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।

 

ভুক্তভোগী খালেদা বেগম জানান, তাঁর স্বামী সামছুল হককে গত ৭ জানুয়ারি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করে রংপুর কারাগারে পাঠানো হয়। এরপর ১৩ জানুয়ারি রাতে গ্রাম পুলিশ আব্দুল হালিম তাঁদের বাড়িতে এসে জানান, কারাগারে তাঁর স্বামী হার্ট স্ট্রোক করেছেন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাত তলায় ভর্তি রয়েছেন। জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে হার্টে দুটি রিং পরাতে হবে, যার জন্য ৯০ হাজার টাকা প্রয়োজন।

 

খালেদা বেগম অভিযোগ করেন, গ্রাম পুলিশ নিজের মোবাইল ফোনে জেল সুপার, চিকিৎসক ও পুলিশের পরিচয়ে কয়েকজনের সঙ্গে কথা বলিয়ে বিশ্বাসযোগ্যতা তৈরি করেন। তার কথায় আস্থা রেখে তাঁরা তাৎক্ষণিকভাবে ৩০ হাজার টাকা হালিমের হাতে দেন। বাকি টাকা বিকাশে পাঠানোর প্রস্তুতির সময় বিষয়টি যাচাই করে প্রতারণার বিষয়টি জানতে পারেন।

 

কারাবন্দী সামছুল হকের ভাই মিজান বলেন, গ্রাম পুলিশ প্রশাসনের লোক। তাঁর কথায় বিশ্বাস করেই পরিবার টাকা দিয়েছে। পরে থানায় ও হাসপাতালে খোঁজ নিয়ে জানতে পারি, সবই প্রতারণা।

 

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা গ্রাম পুলিশ আব্দুল হালিমকে আটক করেন। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

 

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, ঘটনাটি প্রতারক চক্রের কাজ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয় কেউ জড়িত না থাকলে এমন তথ্য পাওয়া সম্ভব নয়। প্রতারক চক্রের মোবাইল নম্বর সংগ্রহ করা হয়েছে এবং তাদের শনাক্তে কাজ চলছে।

 

গ্রাম পুলিশের বিরুদ্ধে গ্রাম্য আদালতের রায় প্রসঙ্গে কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, “গ্রাম পুলিশের মাধ্যমে পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই গ্রাম্য আদালতের আইনি ধারায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তদন্তে যদি প্রতারক চক্রের সঙ্গে তার সম্পৃক্ততা প্রমাণিত হয়, তবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”


সম্পর্কিত

প্রতারণারংপুর

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।