সারাদেশ
কুষ্টিয়া ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার পেল ২ কোটি ৮০ লাখ টাকার সহায়তা

কুষ্টিয়া ও মেহেরপুরে ঘটে যাওয়া বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএ ট্রাফিক বোর্ডের উদ্যোগে দুই জেলার দুর্ঘটনাকবলিত পরিবারগুলোর মাঝে মোট ২ কোটি ৮০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন। কুষ্টিয়া জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মধ্যে মোট ৭০টি চেক বিতরণ করা হয়। কুষ্টিয়া জেলায় ৪৮টি চেকের মাধ্যমে মোট ১ কোটি ৯৮ লাখ টাকা দেওয়া হয়। এর মধ্যে আহতদের জন্য ১৩টি চেকে ২৩ লাখ টাকা এবং নিহতদের পরিবারের জন্য ৩৫টি চেকে ১ কোটি ৭৫ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়।
অন্যদিকে মেহেরপুর জেলায় মোট ২২টি চেকের মাধ্যমে ৮২ লাখ টাকা বিতরণ করা হয়। এতে আহতদের জন্য ৮টি চেকে ১২ লাখ টাকা এবং নিহতদের পরিবারের জন্য ১৪টি চেকে ৭০ লাখ টাকা প্রদান করা হয়েছে। সব মিলিয়ে দুই জেলার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে পৌঁছে দেওয়া হয় মোট ২ কোটি ৮০ লাখ টাকার আর্থিক সহায়তা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা মুহূর্তেই একটি পরিবারকে বিপর্যস্ত করে দিতে পারে। অনেক পরিবার তাদের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। এই সহায়তা কখনোই সেই ক্ষতির পূর্ণ প্রতিদান হতে পারে না, তবে দুর্ঘটনার পরপরই পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং তাদের জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক রাখতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।
চেক গ্রহণকারী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আবেগঘন কণ্ঠে বলেন, প্রিয় মানুষকে হারানোর শূন্যতা কোনো কিছুর মাধ্যমে পূরণ হওয়ার নয়। কেউ বাবা, কেউ সন্তান, কেউ বা ভাইকে হারিয়েছেন। অনেক পরিবার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আজ চরম সংকটে পড়েছেন। এমন কঠিন সময়ে বিআরটিএর এই সহায়তা তাদের জন্য বড় ভরসা হয়ে এসেছে। এতে পরিবার নিয়ে কিছুটা হলেও স্বাভাবিকভাবে চলার সুযোগ তৈরি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়ক নিরাপত্তা জোরদারের পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো বিআরটিএর সামাজিক দায়িত্বের অংশ। এই সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখ কিছুটা হলেও লাঘব হবে এটাই তাদের প্রত্যাশা।
সম্পর্কিত
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়
ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।









