সারাদেশ


সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফের সড়ক নির্মাণ বন্ধ করল বিজিবি


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:০৮ জানুয়ারি ২০২৬, ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার

সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফের সড়ক নির্মাণ বন্ধ করল বিজিবি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সড়ক নির্মাণের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাজ বন্ধ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি ঘিরে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে খলিশাকোঠাল সীমান্তে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

 

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানাধীন মেঘ নারায়ণকুঠি বিএসএফ ক্যাম্পের ইনস্পেক্টর দীপক কুমার। প্রায় আধাঘণ্টাব্যাপী বৈঠকে উভয় পক্ষের ছয়জন করে মোট ১২ জন সদস্য অংশ নেন।

 

বিজিবি সূত্র জানায়, বৈঠকের পর বিএসএফ পক্ষ সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত সরঞ্জাম সরিয়ে নিতে শুরু করেছে। সীমান্ত এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

 

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩৪-এর সাব-পিলার ১ থেকে ১১ পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ভারতের ভেতরে একটি পুরোনো সড়ক রয়েছে। ওই সড়কটি কোথাও আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫০–৬০ গজ, কোথাও ৭০ গজ এবং কোথাও ১০০ থেকে ১২০ গজ দূরত্বে অবস্থিত।

 

আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী, শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা বা সড়ক নির্মাণের অনুমতি নেই। অভিযোগ রয়েছে, গত চার দিন ধরে ওই পুরোনো সড়কের পূর্ব পাশে সীমান্তের খুব কাছাকাছি নতুন করে পাকা সড়ক নির্মাণ শুরু করে ভারতীয় নির্মাণকর্মীরা, যার তত্ত্বাবধানে ছিল বিএসএফ।

 

বিষয়টি নজরে এলে বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা একাধিকবার আপত্তি জানিয়ে কাজ বন্ধের অনুরোধ করেন। তবে স্থানীয়দের অভিযোগ, দিনে কাজ বন্ধ থাকলেও রাতের বেলা বিএসএফ সদস্যদের উপস্থিতিতে নির্মাণকাজ অব্যাহত রাখা হয়।

 

খলিশাকোঠাল এলাকার বাসিন্দা সোলেমান সরকার বলেন, গত কয়েক দিন ধরে সীমান্তের খুব কাছাকাছি বিএসএফের উপস্থিতিতে সড়ক নির্মাণ চলছিল। বিজিবি টহল জোরদার করে কাজ বন্ধের চেষ্টা করলেও রাতে আবার কাজ শুরু করা হতো।

 

এ বিষয়ে বালারহাট বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের বলেন, আজ বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে তারা সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার আশ্বাস দিয়েছে। বর্তমানে বিজিবি টহল দল সীমান্ত এলাকায় অবস্থান করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।

 

বিজিবি সূত্র জানায়, সীমান্তে কোনো ধরনের উত্তেজনা এড়াতে কূটনৈতিক ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতেই পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।


সম্পর্কিত

সীমান্তবিজিবিবিএসএফ

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়েছে, যে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।