সারাদেশ


কুষ্টিয়ায় বিএনপি কর্মীকে ছাত্রলীগ নেতার নেতৃত্বে দিনদুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যাচেষ্টা


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:০৮ জানুয়ারি ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

কুষ্টিয়ায় বিএনপি কর্মীকে ছাত্রলীগ নেতার নেতৃত্বে দিনদুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যাচেষ্টা

কুষ্টিয়ায় জনবহুল এলাকায় দিনদুপুরে ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে শহরের ঝাউতলা মোড়ের রাজু হোটেলের সামনে এই ভয়াবহ হামলা হয়। প্রকাশ্য রাস্তায় রক্তাক্ত এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

আহত যুবকের নাম সোহেল রানা (৪৫)। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালুয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের ব্যস্ত সময়ে হঠাৎ কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে সোহেল রানার পথরোধ করে। এরপর ব্যাগ থেকে ধারালো মাংস কাটার ডাসা বের করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

 

সোহেল রানার ভাষ্য অনুযায়ী, সকালে কুষ্টিয়া আদালত চত্বরের কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। ঝাউতলা মোড়ে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে। মোটরসাইকেল থামানোর পর বুকুল, খসরু, রিপন, শিপন, কালু, জাহাঙ্গীর, লিটন ও রিয়া নামে কয়েকজন পূর্ব শত্রুতার জেরে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। একপর্যায়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন।

 

হামলার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় কাওসার হোসেন (২২) নামে একজনকে স্থানীয়রা ধরে ফেলেন। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আহত সোহেল রানাকে দ্রুত উদ্ধার করে অটোরিকশাযোগে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

আহত সোহেল রানা দাবি করেন, তিনি বিএনপির যুবদলের সঙ্গে জড়িত থাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্রলীগ সংশ্লিষ্ট কিছু নেতাকর্মী রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার ওপর হামলা চালিয়েছে। তবে হামলার পেছনে রাজনৈতিক বিরোধ না ব্যক্তিগত শত্রুতা তা খতিয়ে দেখছে পুলিশ।

 

অন্যদিকে আটক কাওসার হোসেন দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময় সোহেল রানা তাদের ওপর নির্যাতন চালিয়েছেন এবং বাড়িঘর লুটপাট করেছেন। পরে দল পরিবর্তন করে বিএনপিতে যোগ দিয়ে যুবদলের নাম ব্যবহার করে আবারও তাদের হয়রানি শুরু করেন। পূর্ব বিরোধের জেরেই এই ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামসুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে একজনকে গুরুতর আহত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. হোসেন ইমাম জানান, আহত সোহেল রানার শরীরের বিভিন্ন স্থানে গভীর ও গুরুতর আঘাত রয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।


সম্পর্কিত

বিএনপিনিষিদ্ধ ছাত্রলীগহত্যাচেষ্টাকুষ্টিয়া

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।