সারাদেশ
স্বাস্থ্যসেবাকেন্দ্রে অস্বাস্থ্যকর পরিবেশ, চরম ঝুঁকিতে রোগী ও স্বজনরা

ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার প্রায় দেড় লক্ষ মানুষের একমাত্র চিকিৎসা ভরসা মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু হাসপাতালটির বর্তমান পরিবেশ রোগী ও স্বজনদের জন্য মারাত্মক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নোংরা, দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা নিতে এসে অনেকেই নতুন করে অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে প্লাস্টিক, খাদ্যবর্জ্য ও বিভিন্ন ধরনের আবর্জনা। ওয়ার্ড, করিডোর ও প্রধান প্রবেশপথে নিয়মিত পরিচ্ছন্নতার কোনো দৃশ্যমান তৎপরতা নেই। ডাস্টবিন উপচে পড়ছে, কোথাও কোথাও জমে আছে নোংরা পানি। দুর্গন্ধে হাসপাতালের ভেতরে থাকা কষ্টকর হয়ে উঠেছে রোগী ও স্বজনদের জন্য।
স্থানীয়দের অভিযোগ, বর্তমানে হাসপাতালে ৮ জন পরিচ্ছন্নতা কর্মী কর্মরত থাকলেও দায়িত্ব পালনে গাফিলতির কারণে পরিবেশ দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। নিয়মিত তদারকির অভাবই এই পরিস্থিতির মূল কারণ বলে মনে করছেন তারা।
রোগীর স্বজন পারভীন বেগম বলেন, আমার মা অসুস্থ। বাধ্য হয়েই এখানে এনেছি। কিন্তু এমন নোংরা পরিবেশে রোগী রাখা ভয়ংকর ঝুঁকির। চিকিৎসা নিতে এসে যেন আরও অসুস্থ হয়ে পড়ার মতো অবস্থা।
স্থানীয় বাসিন্দা তামজিদ আহমেদ সামি বলেন, পরিচ্ছন্নতা কর্মী থাকার পরও যদি হাসপাতালের এমন অবস্থা হয়, তাহলে দায় কার? প্রতিদিন রোগীরা সংক্রমণের ঝুঁকিতে পড়ছে। এটা একেবারেই অমানবিক।
স্থানীয়রা জানান, হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ শুধু রোগীদের জন্য নয়, স্বজনদের জন্যও চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কবির সোহেল বলেন, হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও জনবল ও তদারকি প্রয়োজন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। খুব শিগগিরই পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে রোগীরা নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা পেতে পারেন।
তবে স্থানীয়দের বক্তব্য, শুধু আশ্বাসে সমস্যার সমাধান হবে না। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ, নিয়মিত নজরদারি এবং পরিচ্ছন্নতা কর্মীদের দায়িত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অন্যথায় এই অবহেলা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
মনপুরার সাধারণ মানুষের দাবি, একমাত্র ভরসার এই হাসপাতালটিকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে প্রশাসনের এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। রোগীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত পরিচ্ছন্নতা ও কঠোর তদারকি ছাড়া বিকল্প নেই এমনটাই মনে করছেন দ্বীপবাসী।
সম্পর্কিত
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়
ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।









