সারাদেশ
দেদারসে কাটা হচ্ছে কৃষিজমির উর্বর টপসয়েল, নীরব প্রশাসন- বিপন্ন পীরগাছার কৃষি
.webp)
অ্যাক্সকেভেটর দিয়ে কাটা হচ্ছে কৃষিজমির উর্বর টপসয়েল—পীরগাছার রামগোপাল গ্রাম থেকে তোলা ছবি।
রংপুরের পীরগাছা উপজেলায় প্রকাশ্যেই দিন–রাত চলছে কৃষিজমির উর্বর টপসয়েল কাটা ও বিক্রি। অ্যাক্সকেভেটর দিয়ে কেটে ফেলা হচ্ছে ফসলি জমির উপরিভাগের মাটি। কোথাও অনুমোদন ছাড়াই জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন করা হচ্ছে, আবার সেই মাটিই শত শত ট্রাক্টরে করে সরাসরি সরবরাহ করা হচ্ছে অবৈধ ইটভাটায়।
ভারী ট্রাক্টরের দাপটে উপজেলার গ্রামীণ সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধুলাবালিতে বাড়ছে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকি, সেই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। উপজেলার প্রায় সব ইউনিয়নেই এখন একই চিত্র দেখা গেলেও এসব বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ স্থানীয়দের।
আইন অনুযায়ী কৃষিজমি থেকে মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৪ ও ১৫ অনুযায়ী কৃষিজমি থেকে মাটি উত্তোলন, বিক্রি ও পরিবহন দণ্ডনীয় অপরাধ। রয়েছে জরিমানা ও কারাদণ্ডের বিধানও। কিন্তু বাস্তবে এসব আইনের কোনো প্রয়োগ চোখে পড়ছে না। প্রতিদিন প্রশাসনের নাকের ডগা দিয়েই শত শত ট্রাক্টর মাটি বহন করলেও তা বন্ধে দৃশ্যমান তৎপরতা নেই।
সরেজমিনে তাম্বুলপুর ইউনিয়নের বিরবিরিয়া ও রামগোপাল গ্রাম ঘুরে দেখা যায়, একরের পর একর কৃষিজমির টপসয়েল কেটে নেওয়া হচ্ছে। সেখানে কাজ করা শ্রমিকরা জানান, দোনপ্রতি (প্রায় ২২ শতক) ১৬ হাজার টাকা দরে জমির মালিকদের কাছ থেকে টপসয়েল কেনা হয়েছে। তাঁদের দাবি, বর্তমানে পীরগাছা উপজেলায় অন্তত ২০ থেকে ২৫টি পয়েন্টে এই অবৈধ কার্যক্রম চলছে।
রামগোপাল গ্রামের মরাপোড়ার দোলায় রুবেল ও মন্তাজ নামের দুই ব্যক্তি এই কাজ পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে রুবেল বলেন, তিনি এনসিপির তাম্বুলপুর ইউনিয়নের সদস্য সচিব। তবে তিনি স্বীকার করেন, কৃষিজমির টপসয়েল কাটা আইনগতভাবে অবৈধ।
একই গ্রামের আলামিন নামের এক ব্যক্তি প্রায় দুই একর কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে অ্যাক্সকেভেটর দিয়ে ৮ থেকে ১০ ফুট গভীর পুকুর খনন করছেন বলেও অভিযোগ উঠেছে। এ ছাড়া ছাওলা ইউনিয়নের আদম বসুনিয়াপাড়ায় আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তি অনুমোদন ছাড়াই কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ভূমি ব্যবহার নীতিমালা, ২০০১ এবং ভূমি উন্নয়ন কর আইন, ১৯৫০ অনুযায়ী জেলা প্রশাসকের পূর্বানুমোদন ছাড়া কৃষিজমির শ্রেণি পরিবর্তন বেআইনি। কিন্তু পীরগাছায় এসব আইনের তোয়াক্কা না করেই চলছে জমির শ্রেণি পরিবর্তন ও মাটি কাটা।
স্থানীয় সূত্র জানায়, উপজেলায় বর্তমানে প্রায় ২৪টি ইটভাটা রয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকলেও এসব অবৈধ ইটভাটায় নিয়মিত সরবরাহ করা হচ্ছে কৃষিজমির উর্বর টপসয়েল।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, কৃষিজমির উর্বর টপসয়েল কাটা সম্পূর্ণ আইনবিরোধী। অনেক কৃষক না বুঝেই মাটি বিক্রি করছেন, যা দীর্ঘমেয়াদে কৃষি ও কৃষকের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হবে। ফসলের প্রধান পুষ্টি উপাদান আসে জমির উপরিভাগ থেকেই। তা নষ্ট হলে জমির উৎপাদনক্ষমতা মারাত্মকভাবে কমে যাবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, কৃষিজমির টপসয়েল কাটার বিষয়ে একাধিক অভিযোগ পাওয়া যাচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অবৈধভাবে যারা টপসয়েল কাটা ও বিক্রির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
সারাদেশ থেকে আরও পড়ুন
রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, আনন্দের সঙ্গে বাড়ছে বাবা-মায়ের দুশ্চিন্তা
কুড়িগ্রামের রাজারহাটে একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ রনজিনা বেগম (৩০)। কুড়িগ্রাম সদর উপজেলার খান ক্লিনিকে নরমাল ডেলিভারির মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়। একসঙ্গে তিন সন্তানের আগমনে পরিবারে আনন্দের বন্যা বইলেও তাদের ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা।

বিএনপির দুই গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে এলাকায় ১৪৪ ধারা জারি
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের পৃথক ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার (৮ মার্চ) সকালে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে এ নির্দেশনা জারি করা হয়।

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা, ভিডিও ভাইরাল
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কিছু নেতা–কর্মী মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে মানহানিকর বক্তব্য ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন ঢাকার একটি আদালত।


.jpg)






