সারাদেশ
শোক দিবস উপেক্ষা করে খাসি জবাই করে ভূরিভোজের অভিযোগ কচাকাটা থানার ওসির বিরুদ্ধে

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক চলাকালীন কুড়িগ্রামের কচাকাটা থানায় খাসি জবাই করে ভূরিভোজের আয়োজনের অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানার বিরুদ্ধে। বিষয়টি ঘিরে পুলিশ বিভাগসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) কচাকাটা থানায় খাসি জবাই করে খাবারের আয়োজন করা হয়। ওই আয়োজনের ছবি ও ভিডিও থানার উপ-পরিদর্শক (এসআই) ও একাধিক কনস্টেবল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। একটি পোস্টে এসআই ফাইসাল খাসি কাটার ছবি দিয়ে লেখেন, “২০২৬ সালকে বরণ করতে প্রস্তুতি চলছে।” অন্য একটি ছবিতে থানার ওসি সোয়েল রানা ও এসআই ইব্রাহিমকে খাবার খেতে দেখা যায়। একই ধরনের পোস্ট আরও এক কনস্টেবলকেও দিতে দেখা গেছে।
রাষ্ট্রীয় শোকের দিনে এমন কর্মকাণ্ডকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ওই রাতেই কচাকাটা থানায় স্থানীয় জাতীয় পার্টির ১৫ থেকে ২০ জন নেতাকর্মীর সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনা ও মিষ্টিমুখ করেন ওসি। জানা যায়, জাতীয় পার্টির নেতারা প্রায় ৫ কেজি মিষ্টি নিয়ে থানায় গেলে তা সবার মধ্যে বিতরণ করা হয়।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা থানায় গিয়ে আপত্তি জানান। বল্লভেরখাষ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাইদুল ইসলাম বলেন, “রাষ্ট্রীয় শোকের দিনে কচাকাটা থানায় খাসি জবাই করে ভূরিভোজ ও মিষ্টি বিতরণের মাধ্যমে ইংরেজি নববর্ষ উদযাপন করা হয়েছে, যা আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। এ ঘটনার প্রতিবাদে আমরা থানায় গিয়েছি।”
জাতীয় পার্টির কচাকাটা ইউনিয়ন নেতা ও ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন বলেন, “জাতীয় পার্টির প্রার্থীর গণসংযোগের বিষয়টি অবহিত করতে আমরা থানায় গিয়েছিলাম। এ সময় বলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক কয়েক কেজি মিষ্টি নিয়ে এসেছিলেন।”
এদিকে বিএনপির কেদার ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান অভিযোগ করে বলেন, “দেশ নেত্রীকে হারিয়ে যখন সারা দেশ শোকে স্তব্ধ, তখন কচাকাটা থানায় ওসিসহ কর্মকর্তারা ভূরিভোজ ও মিষ্টি বিতরণ করে আনন্দ উৎসব করেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করছি।”
তবে অভিযোগ অস্বীকার করে কচাকাটা থানার ওসি সোয়েল রানা বলেন, “থানায় কোনো পার্টি বা ভূরিভোজের আয়োজন করা হয়নি। আমাদের মেসে প্রতি মাসের শেষ দিনে এমন খাবারের আয়োজন নিয়মিত হয়ে থাকে। থার্টি ফার্স্ট নাইট বা নববর্ষ উপলক্ষে কোনো আয়োজন ছিল না।”
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী–কচাকাটা সার্কেল) মুনতাসির মামুন মুন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়
ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।









