সারাদেশ
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫ ডিগ্রি
.webp)
দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ বুধবার রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে। সকালে জেলা আবহাওয়া কার্যালয়ের তথ্যমতে, এখানে তাপমাত্রা নেমে এসেছে মাত্র ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি, ফলে স্থবির হয়ে পড়ে জনজীবন।
প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি অধিকাংশ মানুষ। শহরের সড়কগুলো ছিল প্রায় ফাঁকা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও দিনমজুররা। আয়-রোজগার কার্যত বন্ধ হয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা।
জেলা আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরেই গোপালগঞ্জে শীতের তীব্রতা বাড়ছে। মঙ্গলবার থেকেই কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছিল। গতকাল দুপুরের দিকে অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও আজ পুরো দিনই আকাশ ছিল মেঘলা ও কুয়াশাচ্ছন্ন।
জেলা আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, মঙ্গলবার গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের শনিবার তাপমাত্রা নেমেছিল ৯ দশমিক ৮ ডিগ্রিতে। তার ভাষ্য অনুযায়ী, আরও কয়েক দিন এই শীতল পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
সকালে গেটপাড়া, হরিদাসপুর ও কারগাতি এলাকায় কয়েকজন রিকশাচালক ও শ্রমজীবী মানুষকে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যায়। মাঠে কাজের তাগিদ থাকলেও অধিকাংশ কৃষক ঘর থেকে বের হননি। পেট্রলপাম্প ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে হাতে গোনা কয়েকটি রিকশা দেখা গেছে। দূরপাল্লা ও আন্তজেলা বাস চলাচল করলেও যাত্রীসংখ্যা ছিল খুবই কম।
গোপালগঞ্জ–টেকেরহাট সড়কের বাসচালক মফিজুর রহমান বলেন, সকালে তৃতীয় ট্রিপে মাত্র ছয়জন যাত্রী নিয়ে বাস ছাড়তে হয়েছে। পুরো রুট ঘুরে আয় হয়েছে মাত্র ৬০০ টাকা, তেলের খরচও পুরো উঠেনি।
শহরের হরিদাসপুর বেদেপল্লি, চরমানিকদাহ, ভেড়ার বাজার আশ্রয়ণ প্রকল্প, মাস্টারপাড়া ও গেটপাড়া এলাকার দরিদ্র মানুষজন শীতে সবচেয়ে বেশি কষ্টে আছেন। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় শিশু ও বয়স্কদের দুর্ভোগ বেড়েছে।
কলবাগান মাস্টারপাড়ার রিকশাচালক মোশারফ হোসেন বলেন, সকাল থেকে রিকশা নিয়ে বের হয়েছি, বেলা সাড়ে ১১টা পর্যন্ত আয় হয়েছে মাত্র ৫০ টাকা। যাত্রী নেই, তার ওপর সূর্য না থাকায় শীত আরও বেশি লাগছে।
এদিকে তীব্র শীতের প্রভাবে ঠান্ডাজনিত রোগের প্রকোপও বাড়ছে। গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইব্রাহিম জানান, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। বর্তমানে বহির্বিভাগে রোগীর চাপ স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ।
শৈত্যপ্রবাহের এই পরিস্থিতিতে দ্রুত শীতবস্ত্র বিতরণ ও স্বাস্থ্যসেবায় বাড়তি নজর দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সম্পর্কিত
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়
ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।









