ক্যাম্পাস


একই খাতে দ্বৈত ফি আদায়: জবিতে ‘ইউনিয়ন ফি’ ঘিরে কোটি টাকার হিসাব উধাও


ক্যাম্পাস প্রতিনিধি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত:০৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার

একই খাতে দ্বৈত ফি আদায়: জবিতে ‘ইউনিয়ন ফি’ ঘিরে কোটি টাকার হিসাব উধাও

ছবি: সংগৃহীত


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের কাছ থেকে একই খাতে দুই নামে ফি আদায়ের অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ‘ইউনিয়ন ফি’ ও ‘কেন্দ্রীয় সংসদ ফি’ এই দুই ধরনের ফি আদায়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করা হলেও এর স্বচ্ছ হিসাব প্রকাশ না করায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।

 

অনুসন্ধানে জানা যায়, ২০২৫ সালে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ আইন পাস হওয়ার পর প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ২০০ টাকা হারে ‘কেন্দ্রীয় সংসদ ফি’ নির্ধারণ করা হয়। তবে তার আগ থেকেই ‘ইউনিয়ন ফি’ নামে বছরে ৫০ টাকা করে আদায় চলছিল, যা এখনো বন্ধ হয়নি। ফলে একই উদ্দেশ্যে দুই নামে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে।

 

বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ১২ হাজার শিক্ষার্থী থাকায় শুধু ‘ইউনিয়ন ফি’ থেকেই বছরে প্রায় ৬ লাখ টাকা আদায় হচ্ছে। ২০০৫ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এই ফি নেওয়া হয়ে থাকলে এখন পর্যন্ত এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১ কোটি ২৬ লাখ টাকা। তবে এই অর্থের ব্যবহার সম্পর্কে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

 

 

শিক্ষার্থীদের অভিযোগ, এটি পরিকল্পিতভাবে দ্বৈত অর্থ আদায়ের একটি কৌশল, যা তাদের ওপর অযৌক্তিক আর্থিক চাপ সৃষ্টি করছে। তারা বলছেন, একই খাতে পৃথক নামে ফি আদায় এবং তার কোনো জবাবদিহি না থাকা উদ্বেগজনক।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “একই খাতে দুই নামে ফি নেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। আগে ইউনিয়ন ফি ছিল, এখন আবার সংসদ ফি—তাহলে এই অতিরিক্ত অর্থ নেওয়ার কারণ কী?”

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক ডেপুটি রেজিস্ট্রার জানান, ইউনিয়ন ফি কোন খাতে ব্যয় হয় সে বিষয়ে তাঁরও স্পষ্ট ধারণা নেই। বিষয়টি দীর্ঘদিন ধরে প্রচলিত হলেও এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

 

অন্যদিকে, ছাত্রসংগঠনগুলোর নেতারাও বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তারা বলছেন, ছাত্র সংসদ ফি চালুর পর আলাদা করে ইউনিয়ন ফি আদায়ের কোনো প্রয়োজনীয়তা নেই।

 

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বা উপাচার্যের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের মতামত জানা সম্ভব হয়নি।

 

এদিকে শিক্ষার্থীরা দ্রুত ‘ইউনিয়ন ফি’ আদায় বন্ধ, অতীতের অর্থের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন।


সম্পর্কিত

ক্যাম্পাসজগন্নাথ বিশ্ববিদ্যালয়

জনপ্রিয়


ক্যাম্পাস থেকে আরও পড়ুন

ঢাবি শিক্ষিকা শেহরীন মোনামির পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগসহ ৯ দফা দাবি ছাত্রদলের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলীর পদত্যাগসহ ৯ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনটির নেতারা।

অভিযোগের মুখে খুবির বিজয়-২৪ হলের প্রভোস্টকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

অনিয়ম ও স্বেচ্ছাচরিতার অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘বিজয়-২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।