ক্যাম্পাস


শুভ বৈরাগীর আত্মহত্যা: প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন


ক্যাম্পাস প্রতিনিধি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত:০৭ জানুয়ারি ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার

শুভ বৈরাগীর আত্মহত্যা: প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে চুরির অপবাদে শারীরিক নির্যাতনের শিকার হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী শুভ বৈরাগীর আত্মহত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

শুভ বৈরাগী বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ৩১ ডিসেম্বর রাতে প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে ৩ জানুয়ারি রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

 

মানববন্ধনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, শুভ একজন মেধাবী শিক্ষার্থী ছিল। সে ফাইনাল পরীক্ষা শেষ করে বাড়িতে গিয়েছিল, খুব শিগগিরই তার ফল প্রকাশ হওয়ার কথা ছিল। এই অকাল মৃত্যু আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। আমরা চাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন হোক এবং দায়ীদের বিচার নিশ্চিত করা হোক।

 

বাংলা বিভাগের সভাপতি ড. শারমিন আক্তার বলেন, শুভ আমাদের সন্তানের মতো। আত্মহত্যার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার পোস্ট থেকেই স্পষ্ট, তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা দ্রুত তদন্ত ও প্ররোচনাকারীদের গ্রেপ্তারের দাবি জানাই।

 

মানববন্ধনে শুভর সহপাঠীরা অভিযোগ করে বলেন, ঘটনার পর মামলা করতে গিয়ে তারা বাধার মুখে পড়েছেন এবং পরিবারকে ভয়ভীতি দেখানো হয়েছে। তারা দাবি করেন, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিতভাবে একটি তরুণকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার ঘটনা। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চান।

 

জানা গেছে, আত্মহত্যার আগে ১ জানুয়ারি শুভ বৈরাগী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেমিকা ও তার পরিবারের সদস্যদের দায়ী করে যান। পোস্টে তিনি অভিযোগ করেন, প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে তাকে মারধর, অপমান ও মিথ্যা চুরির অপবাদে ভিডিও ধারণ করতে বাধ্য করা হয়, যা তার মানসিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়।

 

শুভ বৈরাগী গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী গ্রামের প্রয়াত সুখলাল বৈরাগী ও শেফালী বৈরাগীর ছেলে। শৈশবেই বাবা-মাকে হারিয়ে তিনি বোন ও ভগ্নিপতির তত্ত্বাবধানে বড় হন। তার মর্মান্তিক মৃত্যুতে বরিশাল বিশ্ববিদ্যালয়জুড়ে শোক ও ক্ষোভের আবহ বিরাজ করছে।

 

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা স্পষ্ট করে জানান এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে তারা আরও বৃহত্তর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিতে বাধ্য হবেন।


সম্পর্কিত

ক্যাম্পাসবরিশাল বিশ্ববিদ্যালয়

জনপ্রিয়


ক্যাম্পাস থেকে আরও পড়ুন

ঢাবি শিক্ষিকা শেহরীন মোনামির পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগসহ ৯ দফা দাবি ছাত্রদলের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলীর পদত্যাগসহ ৯ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনটির নেতারা।

অভিযোগের মুখে খুবির বিজয়-২৪ হলের প্রভোস্টকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

অনিয়ম ও স্বেচ্ছাচরিতার অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘বিজয়-২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।