বাংলাদেশ


জ্বালানি তেলের মজুত কতদিনের? আতঙ্কে দ্বিগুণ চাহিদা, সরবরাহ কমাচ্ছে বিপিসি


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৮ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার

জ্বালানি তেলের মজুত কতদিনের? আতঙ্কে দ্বিগুণ চাহিদা, সরবরাহ কমাচ্ছে বিপিসি

জ্বালানি তেলের জন্য গতকাল শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেলচালকদের অপেক্ষা


মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেল নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক ছড়িয়ে পড়ায় অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনছেন। ফলে দেশে অকটেন, পেট্রল ও ডিজেলের চাহিদা প্রায় দ্বিগুণ হয়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

 

জ্বালানি তেল আমদানি ও সরবরাহকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, এই অতিরিক্ত চাহিদার যৌক্তিকতা নেই। পরিস্থিতি সামাল দিতে ফিলিং স্টেশনগুলোতে সরবরাহ ২৫ শতাংশ পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

গত অর্থবছরে দেশে অকটেন বিক্রি হয়েছে প্রায় ৪ লাখ ১৫ হাজার টন। সে হিসাবে দৈনিক গড় চাহিদা প্রায় ১ হাজার ১০০ মেট্রিক টন। কিন্তু আতঙ্কে বেশি কেনাকাটার কারণে মার্চের প্রথম কয়েক দিনে দৈনিক চাহিদা ২ হাজার টনের বেশি হয়ে গেছে।

 

বিপিসির হিসাবে, বর্তমানে দেশে ২৩ হাজার ৫৫ টন অকটেন মজুত রয়েছে। প্রতিদিন ৯১৩ টন করে সরবরাহ করলে প্রায় ২৫ দিন চলবে। পাশাপাশি চলতি মাসেই দেশীয় উৎস থেকে আরও ২৫ হাজার টন অকটেন যোগ হওয়ার কথা রয়েছে এবং আমদানির জন্য আরও ২৫ হাজার টনের উৎস খোঁজা হচ্ছে। অতিরিক্ত মজুত যুক্ত হলে তা দিয়ে প্রায় ৪৪ দিন পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছে বিপিসি।

 

দেশে পেট্রলের দৈনিক গড় চাহিদা প্রায় ১ হাজার ৩০০ টন। তবে আতঙ্কের কারণে তা বেড়ে প্রায় ২ হাজার ৩০০ টনে পৌঁছেছে। বর্তমানে পেট্রলের মজুত রয়েছে প্রায় ১৫ হাজার ৫১৭ টন, যা দিয়ে প্রায় ১৫ দিন চলবে।

 

তবে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) এবং বেসরকারি শোধনাগারগুলো থেকে নিয়মিত পেট্রল উৎপাদন হচ্ছে, ফলে তাৎক্ষণিক সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

 

দেশে জ্বালানি ব্যবহারের প্রায় ৭০ শতাংশই ডিজেল। গত অর্থবছরে ডিজেলের চাহিদা ছিল প্রায় ৪৩ লাখ ৫০ হাজার টন, অর্থাৎ দৈনিক গড়ে প্রায় ১২ হাজার টন। কিন্তু সাম্প্রতিক কয়েক দিনে চাহিদা বেড়ে প্রায় ২৫ হাজার টনে পৌঁছেছে।

 

বর্তমানে দেশে ১ লাখ ৬১ হাজার ৮৮৬ টন ডিজেল মজুত রয়েছে, যা দিয়ে প্রায় ১৮ দিন চলবে। এ ছাড়া আগামী কয়েক দিনের মধ্যে আরও পাঁচটি জাহাজে প্রায় ১ লাখ ৪৭ হাজার টন ডিজেল দেশে আসার কথা রয়েছে।

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে জ্বালানি তেলের মজুত রয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতি কতদিন চলবে তা নিশ্চিত নয়, তাই আগাম সতর্কতা হিসেবে সঞ্চয় বাড়ানো হচ্ছে।

 

তিনি বলেন, “মজুত আছে, কিন্তু যুদ্ধ কবে থামবে কেউ জানে না। তাই আমাদের হিসাব করে চলতে হবে।”

 

গত কয়েক দিনে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনে তেল নিতে দীর্ঘ লাইনের দেখা গেছে। অনেক জায়গায় তেল শেষ হয়ে যাওয়ায় কিছু স্টেশন সাময়িকভাবে বন্ধও রাখতে হয়েছে।

 

ফিলিং স্টেশন মালিক সমিতি বলছে, কয়েক দিন টানা অতিরিক্ত তেল বিক্রির কারণে স্টেশনগুলোতে দ্রুত মজুত শেষ হয়ে গেছে।

 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অপচয় ও পাচার রোধে সরবরাহ সীমিত করা হয়েছে। তবে দেশে জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই।

 

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানি আমদানি ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলেও বর্তমানে মজুত ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিক সংকটের আশঙ্কা নেই।


সম্পর্কিত

বাংলাদেশজ্বালানি তেল

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।