বাংলাদেশ


নতুন সংকটে ঢাকা–দিল্লি সম্পর্ক: ভিসা সেবা স্থগিত, বিক্ষোভে বাড়ছে কূটনৈতিক উত্তেজনা


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার

নতুন সংকটে ঢাকা–দিল্লি সম্পর্ক: ভিসা সেবা স্থগিত, বিক্ষোভে বাড়ছে কূটনৈতিক উত্তেজনা

ঢাকা ও দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে সংকটের ইঙ্গিত মিলছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলব, ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ এবং ভিসা ও কনস্যুলার সেবা স্থগিতের ঘটনায় সম্পর্কের ওপর চাপ বাড়ছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।

 

গত শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০ থেকে ২৫ জন সদস্য বিক্ষোভ করেন। তারা বাংলাদেশবিরোধী স্লোগান দেন এবং হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেন। ওই ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এনে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে ভিসা ও সব ধরনের কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়। একই সিদ্ধান্ত নেওয়া হয় আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনেও। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে বলে পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

এর মধ্যেই সোমবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলা চালায় হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ভিসা কেন্দ্র ঘেরাও করে এবং কেন্দ্রটি বন্ধের দাবি জানায়। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কথা বিবেচনা করে ভিসা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ডিইউডিজিটাল’ অনির্দিষ্টকালের জন্য কেন্দ্রটি বন্ধ করে দেয়।

 

Related posts here

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ এবং মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নতুন কর্মসূচির ডাকের বিষয়টি বিবেচনায় নিয়ে ভিসা সেবা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে কূটনৈতিক পত্র পাঠিয়েছে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন।

 

এদিকে কলকাতা, শিলিগুড়ি ও গুয়াহাটিতে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভ করেছে বিজেপি, কংগ্রেসসহ বিভিন্ন সংগঠন। মুম্বাইয়ে সংবাদ সম্মেলন করে ভিএইচপি বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও বিচার নিশ্চিতের দাবি তোলে এবং আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের আহ্বান জানায়।

 

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলোর মতে, ময়মনসিংহে পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ আন্তর্জাতিকভাবে তুলে ধরার চেষ্টা চলছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে বিবৃতি দিয়েছে।

 

এই প্রেক্ষাপটে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক একটি সংবেদনশীল ও চ্যালেঞ্জিং পর্যায়ে প্রবেশ করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তারা বলছেন, পরিস্থিতি শান্ত রাখতে উভয় দেশের সংযমী কূটনৈতিক উদ্যোগ এবং কার্যকর যোগাযোগ এখন অত্যন্ত জরুরি।


সম্পর্কিত

দিল্লিঢাকাবাংলাদেশ

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।