খেলাধুলা


মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘সর্বোচ্চ পর্যায়’ থেকে, জানতেন না বিসিসিআইয়ের কর্মকর্তারাও


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০৬ জানুয়ারি ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘সর্বোচ্চ পর্যায়’ থেকে, জানতেন না বিসিসিআইয়ের কর্মকর্তারাও

আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় নতুন করে আলোচনার ঝড় উঠেছে ভারত ও বাংলাদেশের ক্রীড়াঙ্গন ও কূটনৈতিক পরিসরে। বিস্ময়কর তথ্য হলো এই সিদ্ধান্ত সম্পর্কে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর অধিকাংশ শীর্ষ কর্মকর্তা এবং আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যরাও আগে থেকে কিছুই জানতেন না।

 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বিসিসিআইয়ের একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে বলা হয়েছে, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বোর্ডের ‘সর্বোচ্চ পর্যায়’ থেকে। এ বিষয়ে বিসিসিআইয়ের ভেতরে কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি, এমনকি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা বা পরামর্শও করা হয়নি।

 

প্রতিবেদনে বলা হয়, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কর্তৃপক্ষকে সরাসরি জানিয়ে দেওয়া হয় মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে ছেড়ে দিতে হবে। উল্লেখযোগ্যভাবে, এই সিদ্ধান্তের আগে ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবিতে প্রকাশ্য বিক্ষোভ করছিল।

 

আইপিএলের সঙ্গে যুক্ত বিসিসিআইয়ের এক কর্মকর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে বলেন, আমরা নিজেরাও সংবাদমাধ্যমের খবর থেকে বিষয়টি জানতে পারি। এই সিদ্ধান্তের বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি, কোনো মতামতও চাওয়া হয়নি।

 

এতে স্পষ্ট হয়ে উঠেছে, মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রশ্নে বোর্ডের ভেতরে সমন্বয় বা মতবিনিময়ের সুযোগ রাখা হয়নি। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকীয়া কেবল সেই সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টি সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেন।

 

গত শনিবার দেবজিৎ সাইকীয়া বলেন, সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষাপটে বিসিসিআই আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দিয়েছে। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বলা হয়েছে। কেকেআর বিকল্প ক্রিকেটার নিতে চাইলে বোর্ড প্রয়োজনীয় অনুমতি দেবে।

 

এই সিদ্ধান্তের প্রভাব এরই মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে গড়িয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে না। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।

 

এদিকে, মুস্তাফিজ ইস্যুর প্রতিক্রিয়ায় বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল সংক্রান্ত কোনো খেলা বা অনুষ্ঠান দেশের কোনো টেলিভিশন চ্যানেল কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করা যাবে না।

সব মিলিয়ে, মুস্তাফিজুর রহমানকে ঘিরে নেওয়া এই সিদ্ধান্ত কেবল ক্রীড়াক্ষেত্রেই নয়, বরং ভারত-বাংলাদেশ সম্পর্কের কূটনৈতিক ও জনমত পরিসরেও গভীর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।


সম্পর্কিত

আইপিএলমুস্তাফিজ

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

বিশ্বকাপ অনিশ্চিত, তবু তেহরানে রাজকীয় বিদায় সংবর্ধনা ইরান ফুটবল দলের

২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এর মধ্যেই বিশ্বকাপ সামনে রেখে তেহরানে রাজকীয় বিদায় সংবর্ধনা পেয়েছে ইরান জাতীয় ফুটবল দল। বুধবার রাতে রাজধানীর ইনকিলাব চত্বরে হাজারো সমর্থকের উপস্থিতিতে আয়োজন করা হয় এ সংবর্ধনা অনুষ্ঠান।

কাপুরুষদের সমাজে নাসির আমার বীরপুরুষ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন–কে ঘিরে চলমান মামলার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তাঁর স্ত্রী তামিমা সুলতানা। সেখানে তিনি নাসিরকে নিজের “বীরপুরুষ” হিসেবে উল্লেখ করেছেন।

বাংলাদেশ দলের কোচ নিয়োগে সংক্ষিপ্ত তালিকায় ৬ জন, বিশেষ গুরুত্বে ক্রিস কোলম্যান

বাংলাদেশ পুরুষ ফুটবল দলের নতুন কোচ কে হচ্ছেন, তা নিয়ে ফুটবলাঙ্গনে জল্পনা-কল্পনা চলছে। জাতীয় দল কমিটির সভা অনুষ্ঠিত হলেও এখনো কোনো নাম চূড়ান্ত হয়নি। ফলে নতুন কোচের নাম জানতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হচ্ছে ফুটবলপ্রেমীদের।

ঢাকা ছেড়েছেন হামজা

ইংল্যান্ডপ্রবাসী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী চার দিনের ঢাকা সফর শেষ করে আজ শনিবার সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডে ফিরে গেছেন। ক্লাব ফুটবলের ব্যস্ত মৌসুমের ফাঁকে ব্যক্তিগত কিছু কাজ সারতেই এবার দেশে এসেছিলেন তিনি।