বিশ্বকাপ জয়ের পর মাদ্রিদে আয়োজিত বিজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ করেছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। সিগার হাতে তার একটি ছবি প্রকাশিত হয়েছে। উদ্‌যাপনের সময় একটি প্ল্যাকার্ডও তুলে ধরেন তিনি, যাতে লেখা ছিল, ‘ভেলাদা দেল আনিও: পারেদেস ভারসেস গাভি’। ফাইনালের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে হওয়া হাতাহাতির ঘটনার প্রতি এটি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

রোববার রাতে অতিরিক্ত সময়ে ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জেতে স্পেন। এরপর নিউইয়র্ক থেকে বিমানে করে সোমবার বিকেলে রাজধানী মাদ্রিদে পৌঁছায় দলটি। প্রথমে জারজুয়েলা প্রাসাদে স্পেনের রাজপরিবার তাদের স্বাগত জানায়। পরে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে সাক্ষাৎ করতে দলটি যায় মনক্লোয়া প্রাসাদে।

এরপর ছাদখোলা বাসে মাদ্রিদের রাস্তায় বিজয় শোভাযাত্রায় অংশ নেন খেলোয়াড়েরা। পরে সিবেলেস স্কয়ারে আয়োজিত মূল উদ্‌যাপনে যোগ দেন তারা। মাদ্রিদে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি জানান, বিশ্বকাপ জয় উদ্‌যাপনে প্রায় ২০ লাখ মানুষ অংশ নিয়েছেন।

citytouch 728-X-90

ফাইনালের পরের ঘটনার দিকে ইঙ্গিত করে ইয়ামালের হাতে থাকা প্ল্যাকার্ডের লেখায় আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস ও স্পেনের গাভির নাম উল্লেখ করা হয়। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের সূত্রপাত পারেদেসের আচরণ থেকে হয়েছিল বলে অভিযোগ ওঠে। ‘লা ভেলাদা দেল আনিও’ স্পেনের একটি জনপ্রিয় সেলিব্রিটি বক্সিং প্রতিযোগিতা।

মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শেষে খেলোয়াড়দের আচরণ নিয়ে আর্জেন্টিনা ব্যাপক সমালোচনার মুখে পড়ে। ওই ঘটনায় আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখেন।

বিশ্বকাপের জয়সূচক গোল করা ফেরান তোরেসকে ‘মেক স্পেন গ্রেট অ্যাগেইন’ লেখা একটি ক্যাপ পরা অবস্থায় দেখা যায়। এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল পরিচিত স্লোগানের প্রতি ইঙ্গিত।

উদ্‌যাপন শুরুর আগে খেলোয়াড়েরা এক হাজার পাউন্ড মূল্যের একটি বোতল লাল ওয়াইন পান করেন। পরে একে একে সবাই ট্রফিতে চুমু দেন।

অনুষ্ঠানের শেষ দিকে মঞ্চে খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেওয়া হয়। বোরহা ইগলেসিয়াস মাইক্রোফোন হাতে র‍্যাপ গান পরিবেশন করেন। স্পেন ও চেলসির ডিফেন্ডার মার্ক কুকুরেয়া বাজান ড্রাম।

মঞ্চে বক্তব্য দিতে গিয়ে প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, “আমাদের সমর্থন দেওয়ার জন্য স্পেনকে ধন্যবাদ। আমরা ভাগ্যবান যে আমাদের দলে ২৬ জন অসাধারণ মানুষ আছেন, যারা বিশ্বের সেরা ফুটবলারও।”

তিনি আরও বলেন, “তাদের কোচ হতে পেরে এবং কোচিং স্টাফদের সঙ্গে এই মুহূর্ত ভাগ করে নিতে পেরে আমি গর্বিত। স্পেন দীর্ঘজীবী হোক!”

স্পেনের অধিনায়ক ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি বলেন, “আমরা বিশ্বচ্যাম্পিয়ন। আমার মাকে অভিনন্দন, আমাদের সবার মাকে অভিনন্দন। রাজা দীর্ঘজীবী হোন। স্পেন দীর্ঘজীবী হোক।”