২০২৭ সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (২৭ জুলাই)। চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।
রোববার (২৭ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশ সরকার হজের সময়সূচি নির্ধারণ করেছে।
ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী কেউ এবার হজে যেতে পারবেন না। এ ছাড়া হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার বা কিডনির জটিল রোগে আক্রান্ত ব্যক্তিরাও হজে যাওয়ার অনুমতি পাবেন না। স্নায়বিক বা মানসিক রোগ, ডিমেনশিয়া, ক্যানসারের জন্য কেমোথেরাপি, রেডিওথেরাপি বা বায়োলজিক্যাল থেরাপি গ্রহণরত রোগীদের ক্ষেত্রেও একই নির্দেশনা প্রযোজ্য।
জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরাও হজে যেতে পারবেন না। এর মধ্যে যক্ষ্মা (টিবি) ও হেমোরেজিক ফিভারের মতো রোগ রয়েছে।
এবার সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনাতেই ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। তবে এর আগে প্রত্যেক হজযাত্রীকে বাধ্যতামূলকভাবে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক্-নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রাথমিক নিবন্ধন সম্পন্নকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীরা ই-হজ সিস্টেমে (hajj.gov.bd) ইউজার তৈরি করে নিজেরাই নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি), ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধন করা যাবে।
সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য সোনালী ব্যাংকের যেকোনো শাখায় নির্ধারিত ভাউচারের মাধ্যমে টাকা জমা দিতে হবে।
অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য হজ পোর্টালে সংশ্লিষ্ট এজেন্সির প্রোফাইলে পাওয়া যাবে।










