রাজনীতি
কুষ্টিয়ায় আচরণ বিধি ভঙ্গের দায়ে জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা

ছবি: দূরবিন নিউজ
নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে কুষ্টিয়া–৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে তিন দিন করে মোট ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার কুষ্টিয়ার নির্বাচন অনুসন্ধান ও তদন্ত কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আব্দুল হাই এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা দুটি পৃথক মামলায় আমির হামজাকে প্রতিটিতে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে তাঁর পক্ষে আইনজীবী কাজী তৌফিকুল ইসলাম আদালতে জরিমানার অর্থ পরিশোধ করেন।
মামলার নথি অনুযায়ী, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন শান্তিডাঙ্গা গ্রামের বাসিন্দা রাশেদ আহমেদ গত ৮ ফেব্রুয়ারি আমির হামজার বিরুদ্ধে আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দুটি মামলা দায়ের করেন। অভিযোগ যাচাই-বাছাই শেষে আদালত এর সত্যতা পান।
রায়ে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে আদালত কুষ্টিয়া মডেল থানার মজমপুর গেট, পাঁচ রাস্তার মোড় ও থানা মোড়সহ বিভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে মজমপুর গেটে সাঁটানো আমির হামজার নির্বাচনী ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখ উল্লেখ না থাকার বিষয়টি ধরা পড়ে, যা নির্বাচনী আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে আদালত উল্লেখ করেন।
এ সময় আমির হামজার আইনজীবী তৌহিবুল ইসলাম তুহিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আদালতের কাছে অনিচ্ছাকৃত ভুল হয়েছে বলে স্বীকারোক্তিমূলক বক্তব্য দেন।
রায়ের প্রতিক্রিয়ায় মামলার বাদী রাশেদ আহমেদ বলেন, আদালতের রায়ে তিনি সন্তুষ্ট। তবে তাঁর দাবি, এখনো নিষিদ্ধ ব্যানার ও পোস্টার বিভিন্ন স্থানে ঝুলে রয়েছে। এ বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছেন।
এদিকে আদালত রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা, ২০২৫–এ উল্লেখিত সব বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি নির্দেশনা দেন।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
রাজনীতি থেকে আরও পড়ুন
মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।









