রাজনীতি


কুষ্টিয়ার উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন বিএনপি প্রার্থী জাকির হোসেন


কুষ্টিয়া প্রতিনিধি

বাদশা আলমগীর

প্রকাশিত:০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ অপরাহ্ন, সোমবার

কুষ্টিয়ার উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন বিএনপি প্রার্থী জাকির হোসেন

কুষ্টিয়া–৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার জেলার সার্বিক ও টেকসই উন্নয়নকে সামনে রেখে তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রবিবার রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুধীজন ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এই ইশতেহার উপস্থাপন করা হয়।

 

ইশতেহারে কুষ্টিয়ার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের রূপরেখা তুলে ধরে কর্মসংস্থান সৃষ্টি, যুব উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, নদী শাসন, পরিবেশ সংরক্ষণ, সংস্কৃতি ও ক্রীড়া খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে কুষ্টিয়াকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়।

 

প্রকৌশলী জাকির হোসেন সরকার তাঁর ইশতেহারে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদক, জুয়া, নারী নির্যাতন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করেন। তিনি মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক সৌহার্দ্য প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন।

 

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির মিডিয়া সেলের সমন্বয়ক আবু বকর সিদ্দিক। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মতিনুর রহমানসহ বিভিন্ন শ্রেণি ও পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

ইশতেহারে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনবল গড়ে তুলতে কুষ্টিয়ায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথবা একটি টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, রেল যোগাযোগের উন্নয়ন এবং দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়।

 

কর্মসংস্থান ও যুব উন্নয়নের অংশ হিসেবে তরুণ ও বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা, শিক্ষিত তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, স্টার্টআপ সিড ফান্ড এবং জামানতবিহীন সহজ ঋণের ব্যবস্থার কথা বলা হয়। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, আরবি ও ইংরেজি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

 

শিক্ষা খাতে স্কুল, কলেজ ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, আধুনিক ডিজিটাল শিক্ষা উপকরণ নিশ্চিতকরণ এবং এআইভিত্তিক কানেক্টেড স্কুল ও লার্নিং সিস্টেম চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়। কুষ্টিয়া ইসলামিয়া কলেজ জাতীয়করণ এবং কুষ্টিয়া সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজে নতুন ও যুগোপযোগী বিভাগ চালুর কথাও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়।

 

স্বাস্থ্য খাতে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোর মানোন্নয়ন, জরুরি চিকিৎসাসেবার জন্য পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ব্যবস্থা, কুষ্টিয়া মেডিকেল কলেজ পূর্ণাঙ্গভাবে চালু করা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়।

 

যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে। শহরের যানজট কমাতে রেললাইন দক্ষিণে স্থানান্তর করে কুষ্টিয়া ইস্ট ও কুষ্টিয়া ওয়েস্ট নামে দুটি নতুন স্টেশন স্থাপনের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি গড়াই নদীর ঘোড়াঘাট এলাকায় নতুন সেতু নির্মাণ ত্বরান্বিত করার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।

 

এ ছাড়া গড়াই নদীর দুই তীরে প্রশস্ত সড়ক নির্মাণের মাধ্যমে শহর সম্প্রসারণ, কুষ্টিয়া–শিলাইদহ সড়ক প্রশস্তকরণ, পদ্মা নদীতে নতুন সেতু নির্মাণ এবং কুষ্টিয়া–রাজবাড়ি, কুষ্টিয়া–মেহেরপুর ও কুষ্টিয়া–চুয়াডাঙ্গা সড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা তুলে ধরা হয়।

 

নদী শাসন ও পরিবেশ সংরক্ষণে গড়াই ও কালী নদী খনন, ‘ক্লিন কুষ্টিয়া–গ্রিন কুষ্টিয়া’ কর্মসূচি জোরদার, শিল্প ও পৌর বর্জ্য ব্যবস্থাপনায় রিসাইকেল প্ল্যান্ট স্থাপন এবং জিকে সেচ প্রকল্প সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি কুষ্টিয়ায় একটি নৌবন্দর স্থাপনের পরিকল্পনাও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

শিল্প উন্নয়নের লক্ষ্যে কুষ্টিয়াকে একটি শিল্পনগরী হিসেবে গড়ে তোলা, খাজানগর অঞ্চলকে কৃষি শিল্পাঞ্চল ঘোষণা, ভাদালিয়া অঞ্চলের অটোমোবাইল শিল্প আধুনিকায়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বৃহৎ সিএসডি খাদ্যগুদাম নির্মাণের কথাও উল্লেখ করা হয়। বন্ধ মোহিনী মিল ও সুগার মিল নিয়ে উন্মুক্ত গণশুনানি আয়োজনের প্রতিশ্রুতিও দেন তিনি।

 

সংস্কৃতি ও ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে কুষ্টিয়াকে দেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে স্বীকৃতি আদায়ের উদ্যোগ, জাতীয় ও আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন বৃদ্ধি, কুষ্টিয়া স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ উন্নয়নের পরিকল্পনার কথাও ইশতেহারে তুলে ধরা হয়।


সম্পর্কিত

কুষ্টিয়াজাকির হোসেন

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলা, ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে তোলার ঘটনায় যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ছয় বিশ্ববিদ্যালয়ে আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল। তিনি বলেন, সরকার নিজেই স্বীকার করেছে যে ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে হারানো হয়েছে।

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।