দীর্ঘ দেড় যুগ পর বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টা ৬ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান।
কার্যালয়ে পৌঁছে তারেক রহমান দ্বিতীয় তলার বারান্দায় এসে নিচে অপেক্ষমাণ নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় কেন্দ্রীয় কার্যালয়জুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
তারেক রহমানের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম ও ফরহাদ হালিম ডোনার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, নির্বাহী কমিটির সদস্য শাহরিন ইসলাম তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের একাধিক নেতা।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দুপুর থেকেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েক হাজার নেতাকর্মী জড়ো হন। তারা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে দলীয় নেতাকে স্বাগত জানান।
দীর্ঘদিন পর তারেক রহমানের সরাসরি উপস্থিতিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও রাজনৈতিক তৎপরতা আরও জোরালো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।










