ভারতের কলকাতার নিউমার্কেট এলাকায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরিবারের পক্ষ থেকে প্রয়োজন হলে মরদেহ দেশে আনার সব খরচ সরকার বহন করবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ ইসলাম বলেন, কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। শনাক্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মোট নয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক।
নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তাদের তিন বছরের ছেলে শর্ণশিষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর আকরাম আলী। নিহত অপর বাংলাদেশি নাগরিক আহমেদ বাবু। তার বাড়ি সাভারের আমিনবাজারের বেগুনবাড়িতে।
দুর্ঘটনার পর কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। পাশাপাশি অগ্নিকাণ্ডে আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।










