দেশের অবকাঠামো, স্বাস্থ্য, বিদ্যুৎ, নদীভাঙন ও যোগাযোগ খাতের উন্নয়নে ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত প্রকল্পের মধ্যে ছয়টি নতুন এবং চারটি সংশোধিত।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
সরকারি অর্থায়ন ৮ হাজার ৪৮৮ কোটি টাকা
অনুমোদিত ১০ প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা। বাকি অর্থ প্রকল্প ঋণ থেকে জোগান দেওয়ার কথা রয়েছে।
স্বাস্থ্য খাতে দুই প্রকল্প
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা মেডিক্যাল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ এবং ১০টি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের জন্য ১৯টি আধুনিক হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনী।
নদীভাঙন ও উপকূল রক্ষায় উদ্যোগ
পানিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পও রয়েছে অনুমোদিত তালিকায়। এর একটি ধরলা নদীর ডান তীরের ভাঙন থেকে লালমনিরহাট সদর উপজেলা রক্ষা। অন্যটি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে কুমিরা ঘাট পর্যন্ত উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ প্রকল্প।
এ ছাড়া গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।
সৌরবিদ্যুৎ ও বিদ্যুৎ অবকাঠামোয় গুরুত্ব
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং ঢাকায় ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ।
এ ছাড়া সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণে স্মার্ট প্রযুক্তির সক্ষমতা উন্নয়ন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারের প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন প্রকল্পটিও রয়েছে এই তালিকায়।
একনেক সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও নয়টি প্রকল্প ইতোমধ্যে অনুমোদন দেওয়ার বিষয়েও অবহিত করা হয়। এর মধ্যে রয়েছে সুন্দরবন সুরক্ষা, বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা উন্নয়ন এবং নিউ মিডিয়ার মাধ্যমে জনসেবা কার্যক্রম সম্প্রসারণসহ বিভিন্ন প্রকল্প।










