দেশে জ্বালানি তেলের সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দাবি, দেশে বর্তমানে ডিজেল, অকটেন ও পেট্রোলের পর্যাপ্ত মজুত রয়েছে। তাই জ্বালানি সরবরাহ নিয়ে জনমনে আতঙ্ক বা উদ্বেগের কোনো কারণ নেই।

বুধবার (২২ জুলাই) জ্বালানি বিভাগের এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, বর্তমানে দেশে ৩১ দিনের ডিজেল, ৩৬ দিনের অকটেন এবং ২৫ দিনের পেট্রোল মজুত রয়েছে। এরপরও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জ্বালানি সংকটের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

তবে প্রাকৃতিক গ্যাস সরবরাহে সাময়িক কিছু চাপ রয়েছে বলে স্বীকার করেছে জ্বালানি বিভাগ। মুখপাত্র জানান, একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ)-এ কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় গ্যাস সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটছে। তবে নতুন গ্যাস উত্তোলন এবং বিকল্প ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। টার্মিনালটি সচল হলে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের ভোগান্তিও উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

citytouch 728-X-90

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়েও আশ্বস্ত করেছে সরকার। মনির হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ যুদ্ধকবলিত দেশগুলো থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে না। আর অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রেও বিকল্প সরবরাহ ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত দেশের জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি করবে না বলেই সরকারের বিশ্বাস।

সরকারের ভাষ্য, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত রাখতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তাই বাজারে কৃত্রিম সংকট বা গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে জ্বালানি বিভাগ।