আইন আদালত


লালবাগে সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীকে দুই দিনের রিমান্ডে চায় ডিবি


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার

লালবাগে সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীকে দুই দিনের রিমান্ডে চায় ডিবি

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়েছে


রাজধানীর লালবাগ থানায় গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।

 

আজ (মঙ্গলবার) বেলা একটার পর ডিবি কার্যালয় থেকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে নেওয়া হয় সাবেক স্পিকারকে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহসীন উদ্দীন দুই দিনের রিমান্ডের আবেদন করেন।

 

ডিবির আবেদনে বলা হয়েছে, মামলার পলাতক আসামিদের অবস্থান নির্ণয়, গ্রেপ্তার এবং প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের জন্য আসামিকে রিমান্ডে নেওয়া জরুরি।

 

ডিবি জানায়, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে লালবাগের আজিমপুর সরকারি কলোনি এলাকায় নিরস্ত্র ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল করছিল। এই সময় পুলিশ ও অজ্ঞাতনামা সন্ত্রাসীরা দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করেন। এ ঘটনায় আন্দোলনকারী মো. আশরাফুল ফাহিমের বাঁ চোখ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। তিনি মামলাটি ১৭ জুলাই লালবাগ থানায় দায়ের করেন।

 

মামলায় বলা হয়, আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশের সঙ্গে অজ্ঞাতনামা ব্যক্তিরা এই সহিংসতা চালিয়েছিলেন। শিরীন শারমিন চৌধুরী এই ঘটনার তৃতীয় আসামি।

 

বাদী অভিযোগ করেছেন, গুলিবিদ্ধ আশরাফুলকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়। পরে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা হলেও বাঁ চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়।

 

মামলার এজাহারে আরও উল্লেখ রয়েছে, ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সময় প্রায় ৩১ জন আন্দোলনকারী নিহত হন। মামলার প্রধান আসামি শেখ হাসিনা ও তৃতীয় আসামি শিরীন শারমিনসহ অন্যান্য আসামিরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জড়িত ছিলেন।

 

ডিবি জানায়, শিরীন শারমিনকে জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততা স্বীকার করেছেন, তবে পলাতক আসামি ও ঘটনার বিস্তারিত নিয়ে প্রশ্ন এড়িয়ে গেছেন। ডিবি বলেছে, রিমান্ডে আসামিকে আনার মাধ্যমে পলাতক আসামিদের অবস্থান নির্ণয়, গ্রেপ্তার এবং মামলার রহস্য উদঘাটন সম্ভব হবে। জামিনে মুক্তি পেলে আসামি চিরতরে পলাতক হতে পারেন এবং তদন্তে বাধা সৃষ্টি হতে পারে।

 

আজ ভোরে শিরীন শারমিন চৌধুরীকে ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসা থেকে আটক করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, তাঁর বিরুদ্ধে গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাসহ ছয়টি মামলার তথ্য রয়েছে; এর মধ্যে তিনটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে, বাকি তিনটি মামলার তদন্ত চলছে।


সম্পর্কিত

আইন আদালতশিরীন শারমিনরিমান্ড

জনপ্রিয়


আইন আদালত থেকে আরও পড়ুন

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

শেরপুরে ধর্ষণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার

শেরপুরে পৃথক দুটি মামলায় ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও পক্ষপাতমূলক তদন্তের অভিযোগ

ঢাকার পল্লবী থানায় দায়েরকৃত একটি সিআর মামলার তদন্তকে ঘিরে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সম্প্রতি মহাপরিদর্শক (আইজিপি), বাংলাদেশ পুলিশ বরাবর একটি বিস্তারিত লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

মানবাধিকার আইন দুর্বল করার অভিযোগ: বিচারপতি মইনুলসহ ৫ সাবেক কমিশনারের খোলা চিঠি

মানবাধিকার কমিশন অধ্যাদেশ সংসদে পাস না হওয়া এবং তা বাতিলের প্রেক্ষাপটে সংসদে উপস্থাপিত তথ্যের জবাব, সরকারের প্রকৃত আপত্তি চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ আইনের মান নিশ্চিত করতে প্রস্তাবনা তুলে ধরে খোলা চিঠি দিয়েছেন সদ্য বিদায়ী পাঁচজন মানবাধিকার কমিশনার।