আইন আদালত
হাদি হত্যা মামলায় নতুন মোড়, ডিবির অভিযোগপত্র বাতিল করে সিআইডিকে পুনঃতদন্তের নির্দেশ
.webp)
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ডিবি পুলিশের দাখিল করা অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন মঞ্জুর করে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) এ পুনঃতদন্ত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরের করা নারাজি আবেদন গ্রহণ করে এই আদেশ দেন।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, আদালত সিআইডিকে আগামী ২০ জানুয়ারির মধ্যে পুনঃতদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ৬ জানুয়ারি ডিবি পুলিশ হাদি হত্যা মামলায় ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে। তবে অভিযোগপত্রে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের অন্তর্ভুক্ত না করা এবং তদন্তে অসংগতি থাকার অভিযোগ তুলে বাদীপক্ষ এতে অসন্তোষ প্রকাশ করে।
শুনানিকালে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, ডিবির অভিযোগপত্রে হত্যার পরিকল্পনাকারী ও শুটারদের মধ্যে সম্পর্ক স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। পরিকল্পিত ও প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই হত্যাকাণ্ডে শুধু কয়েকজন শুটারকে আসামি করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগপত্রে একজন ওয়ার্ড কাউন্সিলরের নাম উল্লেখ করাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন এবং বলেন, এত বড় হত্যাকাণ্ডে নিশ্চয়ই আরও বড় পরিকল্পনা ও শক্তি জড়িত ছিল।
এদিকে অভিযোগপত্র প্রত্যাখ্যান করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, তদন্তে মূল পরিকল্পনাকারীদের আড়াল করা হয়েছে এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় অসহযোগিতা করা হচ্ছে। সুষ্ঠু পুনঃতদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় ইনকিলাব মঞ্চ।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সেখানে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল জাবের বলেন, ডিবি পুলিশের পক্ষ থেকে শুরুতে জানানো হয়েছিল যে হাদি হত্যার ঘটনায় ২১ জনের পাঁচটি টিম মাঠে সক্রিয় ছিল। কিন্তু অভিযোগপত্রে সেই তথ্যের কোনো উল্লেখ নেই। তিনি দাবি করেন, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড এবং এতে জড়িত সবাই—যত প্রভাবশালীই হোক আইনের আওতায় আনতে হবে।
এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মন্তব্য করেন, ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারীদের কেউ কেউ হয়তো তাঁর জানাজার সামনের কাতারেই উপস্থিত ছিল। তিনি এই হত্যাকাণ্ডের সব ষড়যন্ত্র উন্মোচনের দাবি জানান।
সম্পর্কিত
জনপ্রিয়
আইন আদালত থেকে আরও পড়ুন
মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

শেরপুরে ধর্ষণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার
শেরপুরে পৃথক দুটি মামলায় ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও পক্ষপাতমূলক তদন্তের অভিযোগ
ঢাকার পল্লবী থানায় দায়েরকৃত একটি সিআর মামলার তদন্তকে ঘিরে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সম্প্রতি মহাপরিদর্শক (আইজিপি), বাংলাদেশ পুলিশ বরাবর একটি বিস্তারিত লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

মানবাধিকার আইন দুর্বল করার অভিযোগ: বিচারপতি মইনুলসহ ৫ সাবেক কমিশনারের খোলা চিঠি
মানবাধিকার কমিশন অধ্যাদেশ সংসদে পাস না হওয়া এবং তা বাতিলের প্রেক্ষাপটে সংসদে উপস্থাপিত তথ্যের জবাব, সরকারের প্রকৃত আপত্তি চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ আইনের মান নিশ্চিত করতে প্রস্তাবনা তুলে ধরে খোলা চিঠি দিয়েছেন সদ্য বিদায়ী পাঁচজন মানবাধিকার কমিশনার।









