আইন আদালত
ছাত্রদের দাবিতে পদত্যাগের কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছিলাম: পলক

জুলাই গণঅভ্যুত্থানকালে ছাত্র–জনতার দাবির পরিপ্রেক্ষিতে পদত্যাগ করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি এই বক্তব্য দেন।
ট্রাইব্যুনালকে পলক জানান, ২০২৪ সালের ২ আগস্ট জুলাই আন্দোলনকারীদের দাবির প্রতি সম্মান জানিয়ে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। সে সময় মন্ত্রিসভার বৈঠকে তিনি ছাত্রদের দাবির পক্ষে কথা বলেন এবং নিজের পদত্যাগের বিষয়টি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অবহিত করেন বলে জানান।
জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উসকানি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় পলক ও পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে শুনানি শেষ করেছেন আইনজীবীরা। এদিন পলকের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ এবং জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম।
শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল।
শুনানিতে পলকের আইনজীবী দাবি করেন, ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত সরকারের বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয়। আইসিটি প্রতিমন্ত্রী হিসেবে জুনাইদ আহমেদ পলকের এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছিল না। ফলে এই মামলায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ টেকসই নয় বলে অব্যাহতির আবেদন জানান তিনি।
অন্যদিকে পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের আইনজীবী মনজুর আলম ট্রাইব্যুনালকে বলেন, জয়ের নির্দেশে পলক সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়েছেন এমন অভিযোগ আনা হলেও ওই পোস্টে জয়কে ট্যাগ করা হয়নি। এমনকি জয় নিজেও ওই পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করেননি। তিনি আরও বলেন, জয় সরকারের অবৈতনিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেন এবং তাঁর অধীনে কোনো মন্ত্রণালয় ছিল না। ফলে এ মামলায় তাঁর সম্পৃক্ততার প্রশ্ন ওঠে না।
মনজুর আলম আরও উল্লেখ করেন, সজীব ওয়াজেদ জয়ের মা শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী হওয়ায় ভবিষ্যতে রাষ্ট্রীয় কোনো দায়িত্বে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সে কারণে তাঁকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়েছে।
জনপ্রিয়
আইন আদালত থেকে আরও পড়ুন
মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

শেরপুরে ধর্ষণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার
শেরপুরে পৃথক দুটি মামলায় ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও পক্ষপাতমূলক তদন্তের অভিযোগ
ঢাকার পল্লবী থানায় দায়েরকৃত একটি সিআর মামলার তদন্তকে ঘিরে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সম্প্রতি মহাপরিদর্শক (আইজিপি), বাংলাদেশ পুলিশ বরাবর একটি বিস্তারিত লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

মানবাধিকার আইন দুর্বল করার অভিযোগ: বিচারপতি মইনুলসহ ৫ সাবেক কমিশনারের খোলা চিঠি
মানবাধিকার কমিশন অধ্যাদেশ সংসদে পাস না হওয়া এবং তা বাতিলের প্রেক্ষাপটে সংসদে উপস্থাপিত তথ্যের জবাব, সরকারের প্রকৃত আপত্তি চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ আইনের মান নিশ্চিত করতে প্রস্তাবনা তুলে ধরে খোলা চিঠি দিয়েছেন সদ্য বিদায়ী পাঁচজন মানবাধিকার কমিশনার।









