আইন আদালত


১৭ বছর বয়সী সুরভীকে ২১ দেখিয়ে রিমান্ড আবেদন, আদালতের আদেশে ২ দিনের রিমান্ড


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:০৫ জানুয়ারি ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার

১৭ বছর বয়সী সুরভীকে ২১ দেখিয়ে রিমান্ড আবেদন, আদালতের আদেশে ২ দিনের রিমান্ড

ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

 

শুনানিতে পুলিশ সুরভীর বয়স ২১ বছর উল্লেখ করে রিমান্ড আবেদন করে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, সুরভীর জন্মসনদ অনুযায়ী তার বয়স এখনো ১৮ বছর পূর্ণ হয়নি। গাজীপুর সিটি করপোরেশনে ২০১৮ সালে নিবন্ধিত জন্মসনদে উল্লেখ রয়েছে, সুরভীর জন্ম ২০০৮ সালের ২৯ নভেম্বর। সে হিসেবে বর্তমানে তার বয়স ১৭ বছর ১ মাস ৭ দিন।

 

আইনজীবী রাশেদ খান জানান, শিশু আইন, ২০১৩ অনুযায়ী ১৮ বছরের কম বয়সী কোনো শিশুকে রিমান্ডে নেওয়ার সুযোগ নেই, এমনকি সাধারণ কারাগারে রাখাও আইনবিরোধী। অথচ সেই আইন উপেক্ষা করেই আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

এজাহারে সুরভীর পরিচয় সুস্পষ্ট থাকলেও তথ্য বিবরণীতে তার পিতা, গ্রাম ও থানার পরিচয় ‘অজ্ঞাত’ দেখানো হয়েছে। তবে বয়সের ক্ষেত্রে পুলিশ ২১ বছর উল্লেখ করেছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের দাবি, মামলার বাদি এজাহারে যে বয়স উল্লেখ করেছেন, সেই অনুযায়ীই তথ্য রেকর্ড করা হয়েছে।

 

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সুরভী এসএসসি পরীক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে ইন্টারমিডিয়েটে অধ্যয়নরত।

 

কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, “মামলাটি তদন্তাধীন। আসামির বয়স সংক্রান্ত বিষয়টি আদালতই যাচাই করবেন। যদি বয়স কম প্রমাণিত হয়, সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

 

গত ২৫ ডিসেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে সুরভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে তাকে কেন্দ্র করে ‘৫০ কোটি টাকা চাঁদাবাজি ও প্রতারণা চক্রের নেতৃত্ব’ দেওয়ার অভিযোগ প্রকাশিত হলেও মামলার এজাহারে সেই বর্ণনার সঙ্গে মিল পাওয়া যায়নি বলে জানিয়েছেন আইনজীবীরা।

 

এ ঘটনায় শিশু আইন লঙ্ঘনের অভিযোগে মানবাধিকারকর্মী ও আইন সংশ্লিষ্ট মহলে তীব্র উদ্বেগ ও প্রশ্ন তৈরি হয়েছে।


সম্পর্কিত

সুরভীআদালত

জনপ্রিয়


আইন আদালত থেকে আরও পড়ুন

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

শেরপুরে ধর্ষণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার

শেরপুরে পৃথক দুটি মামলায় ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও পক্ষপাতমূলক তদন্তের অভিযোগ

ঢাকার পল্লবী থানায় দায়েরকৃত একটি সিআর মামলার তদন্তকে ঘিরে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সম্প্রতি মহাপরিদর্শক (আইজিপি), বাংলাদেশ পুলিশ বরাবর একটি বিস্তারিত লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

মানবাধিকার আইন দুর্বল করার অভিযোগ: বিচারপতি মইনুলসহ ৫ সাবেক কমিশনারের খোলা চিঠি

মানবাধিকার কমিশন অধ্যাদেশ সংসদে পাস না হওয়া এবং তা বাতিলের প্রেক্ষাপটে সংসদে উপস্থাপিত তথ্যের জবাব, সরকারের প্রকৃত আপত্তি চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ আইনের মান নিশ্চিত করতে প্রস্তাবনা তুলে ধরে খোলা চিঠি দিয়েছেন সদ্য বিদায়ী পাঁচজন মানবাধিকার কমিশনার।