ফুটবল


ভোজিনিয়া নাকি মার্তিনেজ, কার হাতে উঠবে গোলকিপারদের লড়াইয়ের মুকুট?


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:০৩ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার

ভোজিনিয়া নাকি মার্তিনেজ, কার হাতে উঠবে গোলকিপারদের লড়াইয়ের মুকুট?

স্পেনকে রুখে দিয়ে এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় চমকগুলোর একটি দেখিয়েছে কেপ ভার্দে। ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে গোলপোস্ট অক্ষত রেখে বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছেন দলটির গোলরক্ষক ভোজিনিয়া। দুর্দান্ত পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তার জনপ্রিয়তা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এবার তার সামনে আরও বড় পরীক্ষা, প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

 

শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ম্যাচটিতে ভোজিনিয়ার অন্যতম বড় চ্যালেঞ্জ হবেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। স্পেনের বিপক্ষে যেভাবে একের পর এক সেভ করে দলকে রক্ষা করেছিলেন, সেই দৃশ্যের পুনরাবৃত্তি করতে পারবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

 

গ্রুপ পর্বে তিন ম্যাচে দুটি ক্লিনশিট রেখেছেন ভোজিনিয়া। স্পেনের বিপক্ষে তিনি সাতটি গুরুত্বপূর্ণ সেভ করেন। উরুগুয়ের বিপক্ষে দুটি গোল হজম করলেও কেপ ভার্দে পাল্টা দুটি গোল করে ড্র নিশ্চিত করে। সৌদি আরবের বিপক্ষে আরও তিনটি সেভ যোগ করেন তিনি। সব মিলিয়ে তিন ম্যাচে তার নামের পাশে রয়েছে দুটি ক্লিনশিট এবং ১০টি সেভ।

 

অন্যদিকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও রয়েছেন আলোচনায়। গত আসরের গোল্ডেন গ্লাভস জয়ী এই গোলরক্ষককে অবশ্য গ্রুপ পর্বে খুব বেশি কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি। আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান তার ওপর তেমন চাপ সৃষ্টি করতে পারেনি।

 

তিন ম্যাচে দুটি ক্লিনশিট রেখেছেন মার্তিনেজ। প্রতিপক্ষ দলগুলো তার গোলমুখে মাত্র দুটি শট নিতে সক্ষম হয়েছে। জর্ডানের বিপক্ষে একটি গোল হজম করেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে একটি সেভ করেন, আর আলজেরিয়ার বিপক্ষে কার্যত কোনো কঠিন পরীক্ষা দিতে হয়নি।

 

এবারের ম্যাচে আর্জেন্টিনার শক্তিশালী আক্রমণভাগের বিপক্ষে ভোজিনিয়াকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। স্পেনের বিপক্ষে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়া এই গোলরক্ষক বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষেও একই দৃঢ়তা ধরে রাখতে পারেন কি না, সেটিই ম্যাচের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।


জনপ্রিয়


ফুটবল থেকে আরও পড়ুন

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আট দল, গোল না হজম করেই অনন্য নজির স্পেনের

চলতি ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের লড়াই নিশ্চিত করেছে আটটি দল। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, গত আসরের রানার্সআপ ফ্রান্স, ইংল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, মরক্কো, বেলজিয়াম এবং স্পেন শেষ আটে জায়গা করে নিয়েছে। তবে এই আট দলের মধ্যে একমাত্র স্পেনই এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টে একটি গোলও হজম করেনি। দুর্দান্ত রক্ষণভাগের নৈপুণ্যে তারা গড়েছে অনন্য এক রেকর্ড।

ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলের হয়ে ‘এমআইসি ফুটবল ২০২৬’ টুর্নামেন্টের শিরোপা জিতেছে। ফাইনালে গট এফসিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্টার মায়ামির যুবারা।

৪৬ বছর বয়সে অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো

ফুটবলকে বিদায় জানানোর এক দশকেরও বেশি সময় পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নায় যোগ দিয়েছেন সাবেক ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ফুটবল বিশ্বকে বিস্মিত করা তার এই প্রত্যাবর্তনের খবর জানিয়েছে রয়টার্স।

মেসি-রোনালদোর ইতিহাস, চমক আর নাটকীয়তায় জমে উঠল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড

রেকর্ড, নাটকীয়তা, চমক আর আবেগঘন মুহূর্তে ভরপুর ছিল বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড। একদিকে যেমন ইতিহাস গড়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো, অন্যদিকে নতুন রেকর্ডে বিশ্বকাপকে রাঙিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পাশাপাশি নরওয়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান, মিসরের ঐতিহাসিক জয়, ইরানের লড়াকু মানসিকতা এবং তুরস্কের হতাশাজনক বিদায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।