২০২৬ সালের ফিফা বিশ্বকাপের মাত্র এক সপ্তাহ আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ইউরোপীয় দেশ সান মারিনোর সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে। ৫ জুন অনুষ্ঠিত এই ম্যাচের বিষয়টি মঙ্গলবার আনুষ্ঠিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ম্যাচের ভেন্যু ও সময় পরবর্তীতে ঘোষণা করা হবে।

সান মারিনো সফর বাংলাদেশ দলের জন্য বিশেষ কারণ এটি হবে দেশের ইউরোপীয় মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ২০০০ সালে বাংলাদেশ দল লন্ডনে ত্রিদেশীয় সিরিজ খেললেও এবার সরাসরি ইউরোপে ম্যাচ খেলার গুরুত্ব আলাদা।

বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান ও জাতীয় দল কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু জানান, জুন উইন্ডোতে আগে মিয়ানমার, থাইল্যান্ড এবং মালদ্বীপের সঙ্গে প্রীতি ম্যাচ বা টুর্নামেন্ট খেলার আলোচনা চলছিল। তবে সান মারিনোর সঙ্গে খেলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

citytouch 728-X-90

সান মারিনো ইতালির নিকটবর্তী একটি ছোট ইউরোপীয় দেশ। ফিফা র‌্যাংকিংয়ে তারা বর্তমানে ২১১তম, যা বাংলাদেশের বর্তমান র‌্যাংকিং (১৮১তম) থেকে প্রায় ৩০ ধাপ নীচে। তবুও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এই ইউরোপ সফরকে দলের আন্তর্জাতিক অভিজ্ঞতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন।

বাফুফে প্রেস বিজ্ঞপ্তি ও ফেসবুক পেজে সান মারিনোর বিপক্ষে ম্যাচটিকে “বাংলাদেশ ফুটবল দলের প্রথম ইউরোপীয় ম্যাচ” হিসেবে ইতিহাসের পাতায় রেখেছে। এই ম্যাচ দলের প্রস্তুতি ও আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।