শিক্ষা


বুটেক্সের প্রথম সমাবর্তন: শিক্ষা, ঐতিহ্য ও ভবিষ্যৎ নেতৃত্বের ঐতিহাসিক মিলনমেলা


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার

বুটেক্সের প্রথম সমাবর্তন: শিক্ষা, ঐতিহ্য ও ভবিষ্যৎ নেতৃত্বের ঐতিহাসিক মিলনমেলা

প্রতিষ্ঠার প্রায় দেড় দশক পর এক ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী হলো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। শনিবার (২৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজন করা হয় বুটেক্সের প্রথম সমাবর্তন। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই আয়োজনে অংশ নেন মোট ৪ হাজার ১২৬ জন গ্র্যাজুয়েট। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসজুড়ে তৈরি হয় উৎসবমুখর ও আবেগঘন পরিবেশ।

 

সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, আজকের এই সমাবর্তন কেবল একটি আনুষ্ঠানিক ডিগ্রি প্রদান নয়, বরং শিক্ষার্থীদের দীর্ঘ অধ্যবসায়, নিষ্ঠা ও যোগ্যতার স্বীকৃতি। তিনি বলেন, দেশের অর্থনীতি ও বিশেষ করে বস্ত্র ও পোশাক শিল্পে বুটেক্সের অবদান দিন দিন আরও শক্তিশালী হচ্ছে এবং ভবিষ্যতেও এই বিশ্ববিদ্যালয় নেতৃত্ব তৈরিতে অগ্রণী ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই বুটেক্স প্রমাণ করেছে যে বিশেষায়িত শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয় কীভাবে জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হতে পারে। বুটেক্স আজ দেশের বস্ত্র ও পোশাক খাতের জন্য দক্ষ, সৎ ও নেতৃত্বগুণসম্পন্ন মানবসম্পদ তৈরির নির্ভরযোগ্য কেন্দ্র।

 

১৫ বছর পর ইতিহাস গড়ল বুটেক্স: প্রথম সমাবর্তনে ৪ হাজারের বেশি গ্র্যাজুয়েটের মিলনমেলা

১৫ বছর পর ইতিহাস গড়ল বুটেক্স: প্রথম সমাবর্তনে ৪ হাজারের বেশি গ্র্যাজুয়েটের মিলনমেলা | ছবি: দূরবিন

 

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, ১৫ বছরের পথচলায় বুটেক্স একটি পূর্ণাঙ্গ ও মানসম্মত বিশ্ববিদ্যালয়ে রূপ নিয়েছে। বৈদেশিক আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা বস্ত্রখাতের জন্য বিশ্বমানের গ্র্যাজুয়েট তৈরিতে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তিনি নবীন গ্র্যাজুয়েটদের আত্মপরিবর্তন, দায়িত্ববোধ এবং চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে নেওয়ার আহ্বান জানান।

 

সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন হংকং পলিটেকনিক ইউনিভার্সিটির ফাইবার সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেয়ার প্রফেসর অধ্যাপক ড. জুঙ্গাই ওয়াং। তিনি বলেন, বাংলাদেশের বস্ত্র ও পোশাক শিল্পে বুটেক্সের অবদান আন্তর্জাতিক পরিসরেও স্বীকৃত। তিনি শিক্ষার্থীদের ছয়টি গুণ দক্ষতা, কৌতূহল, যোগাযোগ, সহযোগিতা, অবদান ও সহমর্মিতা (CQ)—লালনের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও টেকসই শিল্পচর্চার পক্ষে কাজ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে বুটেক্সের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষদভিত্তিক অংশগ্রহণে সবচেয়ে বেশি গ্র্যাজুয়েট ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদে ৮৮৭ জন। এছাড়া ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে ৬৪২ জন, টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে ৫৫৭ জন, টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ৪৭২ জন এবং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে ৬৪ জন গ্র্যাজুয়েট অংশ নেন। প্রায় পাঁচ হাজার মানুষের জন্য প্রস্তুত করা হয় বিশাল সমাবর্তন প্যান্ডেল।

 

সমাবর্তনে অংশ নেওয়া এক গ্র্যাজুয়েট বলেন, দীর্ঘদিনের অপেক্ষার পর বুটেক্সে সমাবর্তন অনুষ্ঠিত হওয়ায় অনুভূতিটা সত্যিই অন্যরকম। সিনিয়র-জুনিয়রদের সঙ্গে একসঙ্গে দেখা হয়েছে, ক্যাম্পাসের ইতিবাচক পরিবর্তনও চোখে পড়েছে। আয়োজন ছিল প্রশংসার যোগ্য।

 

অনুষ্ঠান শেষে ক্যাম্পাস প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হলে পুরো পরিবেশ এক আনন্দঘন মিলনমেলায় রূপ নেয়। অনেক সাবেক শিক্ষার্থীকে পরিবার-পরিজন, স্ত্রী-সন্তান ও পিতা-মাতার সঙ্গে জীবনের এই বিশেষ মুহূর্ত উদযাপন করতে দেখা যায়। বুটেক্সের প্রথম সমাবর্তন তাই শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং স্মৃতি, আবেগ ও ভবিষ্যতের স্বপ্নে মোড়া এক ঐতিহাসিক দিন হয়ে থাকবে।


সম্পর্কিত

ইউনিভার্সিটিবাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়সমাবর্তন

জনপ্রিয়


শিক্ষা থেকে আরও পড়ুন

ভিসিবিরোধী আন্দোলনে অচল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নিয়োগ পাওয়া উপাচার্য ড. কাজী মো. রফিকুল ইসলামকে ঘিরে চলমান বিরোধ, শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলা, মামলা ও গ্রেফতারের ঘটনায় টানা উত্তেজনায় কার্যত অচল হয়ে পড়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। টানা আন্দোলন ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে।

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা কি জায়েজ?

বিয়ে ইসলামে শুধু সামাজিক সম্পর্ক নয়, এটি একটি পবিত্র বন্ধন, দায়িত্ব এবং ইবাদত। বর্তমান সময়ে দ্বিতীয় বিয়ে নিয়ে সমাজে নানা আলোচনা, বিতর্ক ও ভুল ধারণা রয়েছে। বিশেষ করে একটি প্রশ্ন বারবার সামনে আসে— প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা কি ইসলামে জায়েজ?

বিএমএর নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা, সভাপতি গওহারী ও সম্পাদক তানবীরুল ইসলাম

বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর কাউন্সিলে ৩৪ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাব-এ অনুষ্ঠিত ‘শিক্ষা সংস্কার ও মানবতার কল্যাণে কওমি মাদরাসার অবদান’ শীর্ষক আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশনে এ কমিটি গঠন করা হয়।

সব বিশ্ববিদ্যালয়ে ৬০ দিনের মধ্যে ফ্রি ওয়াই-ফাই নিশ্চিতের নির্দেশ ইউজিসির

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে।