স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে মানিকগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে জেলা স্বাস্থ্য বিভাগের পরিচালিত অভিযানে নানা অনিয়মের প্রমাণ মিলেছে। এসব অনিয়মের দায়ে দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে লাইসেন্স নবায়ন না করা, কর্তব্যরত চিকিৎসক অনুপস্থিত থাকা, লেবার রুম বন্ধ রাখা এবং প্যাথলজি বিভাগে বিভিন্ন ধরনের অনিয়ম ধরা পড়ে।
অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় আল রাফী জেনারেল হাসপাতাল, যমুনা জেনারেল হাসপাতাল এবং মডার্ন ডায়াগনস্টিক সেন্টার-এর কার্যক্রম বন্ধ করে দেয় জেলা স্বাস্থ্য বিভাগ।
এদিকে মানিকগঞ্জ শিশু ও জেনারেল হাসপাতাল-কে অনিয়ম সংশোধনের শর্তে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, "জনস্বার্থে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।"
তিনি আরও জানান, রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










