অপরাধ
এপস্টেইন নথিতে আবদুল আউয়াল মিন্টু: মনোনয়ন বাতিলের দাবিতে শিবিরের বিক্ষোভ কর্মসূচি
.jpg)
ফেনী–৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফেনী জেলা শাখা। আলোচিত যৌন অপরাধী জেফরি এপস্টেইন–এর সঙ্গে সংশ্লিষ্ট নথিতে তার নাম উঠে আসা এবং ঋণ খেলাপির অভিযোগকে কেন্দ্র করে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এতে বলা হয়, ছাত্রশিবির ফেনী জেলা শাখার উদ্যোগে আজ বিকেল সাড়ে ৪টায় ফেনী মিজান ময়দানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি বিশ্বজুড়ে আলোচিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কয়েক মিলিয়ন পৃষ্ঠার নথি প্রকাশিত হয়। এসব নথিতে তার রাজনৈতিক যোগাযোগ, অর্থায়ন কাঠামো এবং প্রভাববলয়ের নানা তথ্য উঠে আসে। প্রকাশিত নথিতে ফেনী–৩ আসনের বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু–র নামও অন্তর্ভুক্ত রয়েছে।
নথিগুলো মূলত যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সাবেক গভর্নর বিল রিচার্ডসন–এর নির্বাচনী প্রচারণার অর্থায়নসংক্রান্ত। সেখানে উল্লেখ করা হয়েছে, জেফরি এপস্টেইন ওই প্রচারণার শীর্ষ দাতাদের একজন ছিলেন এবং তিনি ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছিলেন। একই দাতাতালিকায় আবদুল আউয়াল মিন্টুর নামও রয়েছে। নথি অনুযায়ী, তিনি ওই তহবিলে ৫ হাজার মার্কিন ডলার অনুদান দেন এবং তাকে ‘বাংলাদেশের ব্যবসায়ী’ হিসেবে উল্লেখ করা হয়।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী–৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রখ্যাত ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু। তিনি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর গ্রামের বাসিন্দা। তার বাবা প্রয়াত হাজী সফি উল্যাহ রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং পরবর্তীতে দাগনভূঞা উপজেলার প্রথম দুই মেয়াদে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
আবদুল আউয়াল মিন্টু এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং মাল্টিমোড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও পরিচিত। তবে এপস্টেইন–সংক্রান্ত নথিতে নাম উঠে আসার পর তার মনোনয়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটেই মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রশিবির।
জনপ্রিয়
সর্বশেষ
অপরাধ থেকে আরও পড়ুন
কমিশন ছাড়া নড়ত না ফাইল, সওজ প্রকৌশলীর সিন্ডিকেটে জিম্মি পুরো ঠিকাদার মহল
সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি, দুর্নীতি, কমিশন বাণিজ্য, শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের গুরুতর অভিযোগ উঠেছে। দুদকের অনুসন্ধান চললেও এখনো তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আমিরাতপ্রবাসীদের ঠকিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভুয়া সনদ চক্র সক্রিয়
সংযুক্ত আরব আমিরাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া শিক্ষাগত সনদ তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, প্রকৃত শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে জাল সনদ তৈরি করা হতো।

সিঙ্গাপুর-দুবাইয়ে কোটি কোটি টাকার অবৈধ সাম্রাজ্য, জহিরুল-মাঝহারুলের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম এবং তার ভাই মাঝহারুল ইসলাম রাষ্ট্রীয় নিয়ন্ত্রক সংস্থার কোনো অনুমোদন ছাড়াই সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একাধিক কোম্পানি প্রতিষ্ঠা করে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ব্যবসা পরিচালনা করছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে। এসব প্রতিষ্ঠানের বিনিয়োগ কিংবা আয় সংক্রান্ত কোনো তথ্য বাংলাদেশ ব্যাংক বা জাতীয় রাজস্ব বোর্ডের নথিতে নেই, যা দেশের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইনের সরাসরি লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একাত্তরের অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশিত এই তথ্য আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটির অন্যতম প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত স্মার্ট টেকনোলজিসের গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ঘাতকের পরিচয় ও হত্যার কারণ নিয়ে যা জানা গেল
ইতালির রাজধানী রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকায় একই পরিবারের তিন বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ৪৩ বছর বয়সী বাংলাদেশি নাগরিক শাহাদাত হোসেনকে প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজছে ইতালির পুলিশ। নিহতরা হলেন কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের আট বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। হামলায় গুরুতর আহত হয়েছেন দম্পতির ২০ বছর বয়সী ছেলে আমির, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।









