অপরাধ
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টারসহ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী আটক

কুড়িগ্রাম জেলা শহরে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর ঘটনায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে শহরের কলেজ মোড় ও জেলা পরিষদ ভবনের ফটকে সংগঠনটির ‘খোলা চিঠি’ শিরোনামের পোস্টার লাগানো হলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।
ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও গোয়েন্দা সংস্থা অভিযান শুরু করে। পরে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনিবাসে অভিযান চালিয়ে সংগঠনের সদস্য সন্দেহে পাঁচ তরুণকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সন্ধ্যায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন।
ডিবি সূত্র জানায়, পোস্টার লাগানোর স্থানগুলোর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই তরুণদের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। আটক ব্যক্তিরা ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তারা ঢাকায় বসবাস করতেন বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুড়িগ্রামে এসে নিষিদ্ধ সংগঠনের প্রচারণামূলক কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
আটক শিক্ষার্থীরা হলেন জাবের আল রাফিয়ান (৩০), সাকিবুল হাসান (২৪), শামীম হোসেন (২৫), ফাহমিদ হাসান (৩৪) ও মাহমুদুর রহমান (২৫)। তাদের বাড়ি যশোর, ঢাকা, লক্ষ্মীপুর, নাটোর ও মাদারীপুর জেলায় বলে জানিয়েছে পুলিশ।
পাঁচ তরুণ আটকের পরপরই শহরের বিভিন্ন স্থানে লাগানো পোস্টারগুলো সরিয়ে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।
কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
অপরাধ থেকে আরও পড়ুন
কমিশন ছাড়া নড়ত না ফাইল, সওজ প্রকৌশলীর সিন্ডিকেটে জিম্মি পুরো ঠিকাদার মহল
সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি, দুর্নীতি, কমিশন বাণিজ্য, শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের গুরুতর অভিযোগ উঠেছে। দুদকের অনুসন্ধান চললেও এখনো তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আমিরাতপ্রবাসীদের ঠকিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভুয়া সনদ চক্র সক্রিয়
সংযুক্ত আরব আমিরাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া শিক্ষাগত সনদ তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, প্রকৃত শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে জাল সনদ তৈরি করা হতো।

সিঙ্গাপুর-দুবাইয়ে কোটি কোটি টাকার অবৈধ সাম্রাজ্য, জহিরুল-মাঝহারুলের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম এবং তার ভাই মাঝহারুল ইসলাম রাষ্ট্রীয় নিয়ন্ত্রক সংস্থার কোনো অনুমোদন ছাড়াই সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একাধিক কোম্পানি প্রতিষ্ঠা করে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ব্যবসা পরিচালনা করছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে। এসব প্রতিষ্ঠানের বিনিয়োগ কিংবা আয় সংক্রান্ত কোনো তথ্য বাংলাদেশ ব্যাংক বা জাতীয় রাজস্ব বোর্ডের নথিতে নেই, যা দেশের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইনের সরাসরি লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একাত্তরের অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশিত এই তথ্য আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটির অন্যতম প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত স্মার্ট টেকনোলজিসের গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ঘাতকের পরিচয় ও হত্যার কারণ নিয়ে যা জানা গেল
ইতালির রাজধানী রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকায় একই পরিবারের তিন বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ৪৩ বছর বয়সী বাংলাদেশি নাগরিক শাহাদাত হোসেনকে প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজছে ইতালির পুলিশ। নিহতরা হলেন কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের আট বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। হামলায় গুরুতর আহত হয়েছেন দম্পতির ২০ বছর বয়সী ছেলে আমির, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।









