জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে গঠিত হয়েছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি, যা তিন মাসের জন্য দায়িত্ব পালন করবে। এরপর নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। তিনি বলেন, “বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের ভঙ্গ ও নতুন কমিটি গঠনের বিষয়টি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ (আইসিসি)-কে ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে। এছাড়া সদ্য গঠিত অ্যাডহক কমিটির নাম ও অনিয়ম তদন্তের বিস্তারিত প্রতিবেদনও পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, গত নির্বাচনের অনিয়ম বিষয়ে গঠিত এনএসসির তদন্ত কমিটির প্রতিবেদনেই বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল।
নতুন অ্যাডহক কমিটির সদস্যরা- সভাপতি: তামিম ইকবাল- সদস্য: রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা।
এডহক কমিটি নির্বাচনের মধ্যবর্তী সময় পর্যন্ত বিসিবি পরিচালনা ও প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করবে। এনএসসি জানিয়েছে, নতুন কমিটি গঠন ও তদন্ত প্রতিবেদনের মাধ্যমে বিসিবির প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।










