অবশেষে সব অনিশ্চয়তার অবসান। নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। বাছাই পর্বে নেদারল্যান্ডসের জয়ের ফলে বাংলাদেশ নিশ্চিতভাবেই জায়গা করে নিয়েছে বিশ্বকাপের মূল আসরে।

নারী বিশ্বকাপ বাছাইয়ের বুধবারের দিনে সকালে নিজেদের ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে প্রয়োজনীয় কাজটি আগেই সেরে রাখে নিগার সুলতানা জ্যোতির দল। এরপর চোখ ছিল দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। সেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডসের জয়ই বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নকে বাস্তবে রূপ দেয়।

বুধবার দুপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারায় নেদারল্যান্ডস। আগে ব্যাট করে যুক্তরাষ্ট্র ৭ উইকেটে তোলে ১২৯ রান। জবাবে নেদারল্যান্ডস ১২ ওভারে ২ উইকেটে ৯০ রান করার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পরে ডিএলএস পদ্ধতিতে ডাচদের বিজয়ী ঘোষণা করা হয়।

citytouch 728-X-90

এই ফলের ফলে সুপার সিক্স পর্ব থেকে বাংলাদেশ ও নেদারল্যান্ডস দুই দলই সমান ৬ পয়েন্ট নিয়ে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।

বিশ্বকাপে যাওয়ার দৌড়ে বাকি দুটি দল হিসেবে এগিয়ে রয়েছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। এখনো কোনো পয়েন্ট না পাওয়া যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে।

আগামী জুন–জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে এবারের নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ। মূল পর্বের টিকিট নিশ্চিত হলেও বাছাইয়ে বাংলাদেশের সামনে এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে। শুক্রবার স্কটল্যান্ড এবং রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।